ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল
ছবি: সংগৃহীত
বিগত আওয়ামী 'ফ্যাসিস্ট আমলে' নিয়োগ পাওয়া সব সার ডিলারের নিয়োগ বাতিল করেছে সরকার । তাদের পরিবর্তে দ্রুত নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের জেনারেল এম এ জি ওসমানী গেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংসদের চীফ হুইপ নুরুল ইসলাম মনি।
তিনি বলেন, কৃষক যাতে সময়মতো সার পায় এবং বাজারে কোনো সংকট তৈরি না হয়, সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের ডিলারদের বিরুদ্ধে সার আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে বলেও তিনি দাবি করেন।
এ সময় তিনি আরও জানান, দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের একটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সরকারি দল থেকে পাঁচজন এবং বিরোধী দল থেকে পাঁচজন সদস্য রাখা হয়েছে। কমিটির নেতৃত্ব দেবেন বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বিরোধী দলের একটি প্রস্তাবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান একমত পোষণ করেন এবং পরে সংসদে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাস হয়।
আরও পড়ুন: জ্বালানি সংকট: কমিটিতে বিরোধী দলের অংশগ্রহন চান প্রধানমন্ত্রী
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র এমপি শেখ মজিবুর রহমান ইকবাল এবং প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/এসবি








