News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৬, ২২ এপ্রিল ২০২৬

স্কাউটিং জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

স্কাউটিং জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

ছবি: সংগৃহীত

দেশের ভবিষ্যৎ নেতৃত্ব ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে তরুণ প্রজন্মকে গড়ে তুলতে স্কাউটিং কার্যক্রমের প্রসারে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বুধবার (২২ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে বাংলাদেশ স্কাউটসের নবনির্বাচিত জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে স্কাউট নেতৃবৃন্দ সংগঠনের বর্তমান কার্যক্রম, প্রশিক্ষণ কর্মসূচি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণসহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন।

আরও পড়ুন: গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: আশ্বাস প্রধানমন্ত্রীর

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান স্কাউট আন্দোলনের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে বলেন, একটি দক্ষ, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে স্কাউটিংয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের মানবিক গুণাবলিসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট আন্দোলনকে তৃণমূল পর্যায়ে আরও ছড়িয়ে দিতে হবে। তরুণ প্রজন্মের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে স্কাউটস সদস্যদের কাজ করে যাওয়ার আহ্বান জানান এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

বৈঠকে সংগঠনের পক্ষ থেকে স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণে সরকারের প্রত্যক্ষ সহযোগিতা কামনা করা হয়। জবাবে প্রধানমন্ত্রী অত্যন্ত মনোযোগ সহকারে তাদের প্রস্তাবনাগুলো শোনেন এবং তরুণদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে এক আবেগঘন মুহূর্তে একজন গার্ল রোভার স্কাউট প্রধানমন্ত্রীকে স্কাউটসের আনুষ্ঠানিক স্কার্ফ পরিয়ে দেন। এরপর প্রধানমন্ত্রী প্রতিনিধিদলের সঙ্গে এক ফটোসেশনে অংশ নেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন, মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশ স্কাউটসের সভাপতি নাসিমুল গণি এবং প্রধান জাতীয় কমিশনার এ বি এম আবদুস সাত্তারসহ কার্যনির্বাহী কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়