News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৮, ২২ এপ্রিল ২০২৬

বাসভাড়া না বাড়াতে কঠোর নির্দেশ মালিক সমিতির

বাসভাড়া না বাড়াতে কঠোর নির্দেশ মালিক সমিতির

ফাইল ছবি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে ভাড়া পুনর্নির্ধারণের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত সারা দেশে আগের ভাড়াই বহাল রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। 

বুধবার (২২ এপ্রিল) সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি এই কঠোর নির্দেশনা প্রদান করা হয়। 

বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, সরকারি সিদ্ধান্ত ছাড়া কোনোভাবেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।

গত ১৮ এপ্রিল (শনিবার) রাতে ভোক্তা পর্যায়ে ডিজেলসহ সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি করে সরকার, যা ১৯ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। তেলের দাম বাড়ার পর থেকেই দেশের বিভিন্ন রুটে অননুমোদিতভাবে ভাড়া বাড়ানোর অভিযোগ উঠলে মালিক সমিতি এই অবস্থান গ্রহণ করে। 

মঙ্গল ও বুধবার পৃথক বিবৃতিতে সমিতি সাফ জানিয়ে দিয়েছে, বর্তমানে প্রচলিত ভাড়ার চার্ট অনুযায়ীই যাত্রী সেবা দিতে হবে। কোনো রুটেই বিআরটিএ-এর অনুমোদিত তালিকার বাইরে বাড়তি টাকা নেওয়া যাবে না।

ভাড়া পুনর্নির্ধারণের লক্ষ্যে গত রবিবার রাতে বনানীতে বিআরটিএ কার্যালয়ে পরিবহন মালিক, শ্রমিক নেতা এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন: বাস ভাড়া ১৫ পয়সার বেশি বাড়ালে কঠোর আন্দোলন: যাত্রীকল্যাণ সমিতি

দীর্ঘ দুই ঘণ্টার বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সংগতি রেখে ভাড়ার একটি খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে। এই প্রস্তাবটি বর্তমানে মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হওয়া মাত্রই নতুন ভাড়া কার্যকর হবে, তবে তার আগ পর্যন্ত পুরনো হারই বহাল থাকবে।

বাসভাড়া না বাড়ানোর নির্দেশ দিলেও পরিবহন খাতের বিদ্যমান অস্থিরতা ও সংকটের কথা জোরালোভাবে তুলে ধরেছে মালিক সমিতি। 
মহাসচিব সাইফুল আলম বিবৃতিতে উল্লেখ করেন, লিটারপ্রতি ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় বাস পরিচালনা ব্যয় বহুগুণ বেড়ে গেছে। এছাড়া ডলারের মূল্যবৃদ্ধির কারণে গাড়ির টায়ার, ইঞ্জিনসহ প্রয়োজনীয় যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ খরচ এখন আকাশচুম্বী। এই পরিস্থিতিতে পরিবহন খাতকে বড় ধরনের লোকসান থেকে বাঁচাতে দ্রুততম সময়ের মধ্যে ‘বাস্তবসম্মত’ ভাড়া সমন্বয়ের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত প্রজ্ঞাপন জারি না হলে মাঠ পর্যায়ে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই সাধারণ যাত্রী এবং পরিবহন মালিক উভয় পক্ষের স্বার্থ রক্ষায় দ্রুত ভাড়া চূড়ান্ত করার আহ্বান জানিয়েছেন খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়