News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৮, ২৪ এপ্রিল ২০২৬

দেশে প্রথম স্যাটেলাইট টু মোবাইল সেবা আনছে বাংলালিংক

দেশে প্রথম স্যাটেলাইট টু মোবাইল সেবা আনছে বাংলালিংক

স্যাটেলাইট টু মোবাইল সেবা চালু করতে যাচ্ছে বাংলালিংক। ছবি: সংগৃহীত

বাংলালিংক দেশের প্রথম স্যাটেলাইট টু মোবাইল সেবা চালু করতে যাচ্ছে স্টারলিংক মোবাইলের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে। ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংকের এই প্রযুক্তিকে বিশ্বের সবচেয়ে বড় স্যাটেলাইট টু মোবাইল নেটওয়ার্ক হিসেবে বিবেচনা করা হয়।

বুধবার (২২ এপ্রিল)  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলালিংক।

নতুন এই সেবার মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক না থাকা বা দুর্বল সিগন্যালের এলাকাতেও সংযোগ পাওয়া যাবে। শুরুতে এসএমএস ও ওটিটি মেসেজিং সেবা চালু করা হবে, পরে ধাপে ধাপে ভয়েস কল ও ডেটা সেবা যুক্ত করা হবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে খুব শিগগিরই সেবাটি চালু হবে বলে জানানো হয়েছে।

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োহান বুসে বলেন, সংযোগ শুধু প্রযুক্তি নয়, এটি মানুষের প্রয়োজনের সঙ্গে যুক্ত থাকা। দেশের কিছু দুর্গম এলাকায় এখনো নেটওয়ার্ক পৌঁছায়নি। স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে সেই সীমাবদ্ধতা দূর করে প্রত্যন্ত অঞ্চলেও সংযোগ পৌঁছে দেওয়াই লক্ষ্য।

স্টারলিংক মোবাইলের ভাইস প্রেসিডেন্ট (সেলস) স্টেফানি বেডনারেক বলেন, বাংলালিংকের সঙ্গে অংশীদারত্বে স্যাটেলাইট টু মোবাইল সেবা চালু করতে পেরে তারা গর্বিত। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষও সহজে যোগাযোগের সুযোগ পাবেন।

আরও পড়ুন: আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, এটি বৈশ্বিক সংযোগ বিস্তারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা বাংলাদেশকে এই প্রযুক্তির তৃতীয় দেশ হিসেবে যুক্ত করছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়