News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩০, ২৪ এপ্রিল ২০২৬

বিশ্বকাপে ইরানকে ঘিরে নতুন শর্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

বিশ্বকাপে ইরানকে ঘিরে নতুন শর্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনড় ইরান, ইতোমধ্যে দেশের বাইরে প্রস্তুতি শুরু করেছে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে এখনো পূর্ণাঙ্গ সমঝোতায় পৌঁছানো যায়নি। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও চূড়ান্ত চুক্তি না হলে আবারও সংঘাত শুরুর আশঙ্কা রয়েছে বলে কূটনৈতিক মহলে আলোচনা চলছে। একইসঙ্গে ইরানের আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার জানিয়েছেন, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে ইরানি খেলোয়াড়দের অংশগ্রহণে ওয়াশিংটনের কোনো আপত্তি নেই। তবে শর্ত হিসেবে বলা হয়েছে, খেলোয়াড়রা যেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে সঙ্গে আনতে না পারেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে ইরানি ফুটবলারদের প্রবেশে বাধা দেওয়া হয়নি। বরং নিরাপত্তার স্বার্থে কিছু শর্ত বিবেচনায় নেওয়া হচ্ছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানান, তার প্রশাসন খেলোয়াড়দের ওপর কোনো ধরনের রাজনৈতিক প্রভাব ফেলতে চায় না। ২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে শুরু থেকেই অনিশ্চয়তা ছিল, কারণ গ্রুপ পর্বের সব ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে বিষয়টি রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনায় গুরুত্ব পাচ্ছে।

এদিকে আইআরজিসি ইস্যুকে ঘিরে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থানে রয়েছে। মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্র কোনোভাবেই আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভুয়া পরিচয়ে দেশে প্রবেশ করতে দেবে না।

অন্যদিকে, ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে আইআরজিসিকে কেন্দ্র করে উত্তেজনা আরও বেড়েছে। অতীতের হামলা-পাল্টা হামলায় উভয় পক্ষেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

আরও পড়ুন: এক যুগ পর নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও রাজনৈতিক অনিশ্চয়তা ও পারস্পরিক অবিশ্বাস এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়