পদ্মায় নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলায় ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ
ছবি: সংগৃহীত
পদ্মা নদীতে নিয়মিত টহল ডিউটি চলাকালে পাবনার ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যদের ওপর অতর্কিত সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে ফাঁড়ির ইনচার্জসহ (ওসি) পুলিশের পাঁচ সদস্য গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিট থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে কুষ্টিয়া জেলার হরিপুর এলাকার পদ্মা নদীতে এই গোলাগুলির ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) খন্দকার শফিকুল ইসলাম, সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান ও মানিক মিয়া। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: ময়মনসিংহে কলেজছাত্র হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে লক্ষ্মীকুন্ডা নৌ ফাঁড়ির একটি দল পদ্মা নদীর কুষ্টিয়া সীমানার হরিপুর এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় জানমালের নিরাপত্তায় পুলিশও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ রণক্ষেত্র তৈরি হয়। গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে নৌ ফাঁড়ির ওসিসহ পাঁচ সদস্য বিদ্ধ হন। খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ৯৯৯-এর মাধ্যমে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান জানান, গভীর রাতে টহল চলাকালীন সন্ত্রাসীরা হঠাৎ পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। এতে আমাদের পাঁচ সদস্য আহত হয়েছেন। ঘটনার পরপরই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবং তাদের গ্রেফতার করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। যেহেতু অপরাধ সংঘটনের স্থানটি কুষ্টিয়া জেলার আওতাধীন, সেহেতু আইনি প্রক্রিয়া ও মামলার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট থানায় সম্পন্ন হবে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নদীতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








