১ মে নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বড় ধরনের সমাবেশের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল। ওই দিন দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কর্মসূচির ঘোষণা দেন।
তিনি জানান, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নজরুল ইসলাম খান বলেন, দেশের অর্থনীতি ও দৈনন্দিন জীবনে শ্রমজীবী মানুষের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি সবসময় মেহনতি মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
শ্রমিকদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে শ্রমজীবী মানুষের কল্যাণে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নে কাজ চলছে। আসন্ন ১ মে’র সমাবেশ থেকে শ্রমজীবী মানুষের বিভিন্ন দাবি ও প্রয়োজনীয়তা সরকারপ্রধানের কাছে তুলে ধরা হবে।
আরও পড়ুন: এনসিপি নেত্রী মনিরার মনোনয়নপত্র বাতিল
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাজধানীসহ আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক শ্রমিকের অংশগ্রহণ আশা করছেন আয়োজকরা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








