মন্ত্রীদের সবসময় সতর্ক থাকার পরামর্শ রিজভীর
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
বর্তমান সরকারের মন্ত্রীদের সবসময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রবিবার (২৬ এপ্রিল) সকালে মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সদস্যদের নিয়ে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া-এর সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, সরকারের মন্ত্রীদের সবসময় প্রস্তুত ও সতর্ক থাকতে হবে। যেকোনো সময় বিভিন্ন ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে, সেগুলো মোকাবিলার জন্য আগে থেকেই প্রস্তুতি থাকা জরুরি।
স্বাস্থ্যখাতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, হামের মতো রোগ মোকাবিলায় আগেভাগে প্রস্তুতি নেওয়া উচিত ছিল। যাতে কোনো প্রাণহানি না ঘটে, সে বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, বিনা চিকিৎসা বা ওষুধের অভাবে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয় এবং কোনো ধরনের মহামারি যেন ছড়িয়ে না পড়ে, সে বিষয়েও সরকারকে গুরুত্ব দিতে হবে।
মুক্তিযুদ্ধ প্রজন্ম দল প্রসঙ্গে রিজভী বলেন, ইশরাক হোসেন একজন দক্ষ ও সাহসী সংগঠক। তার নেতৃত্বে সংগঠনটি মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে।
আরও পড়ুন: গুলশানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতাদের বৈঠক
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথাও উল্লেখ করেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








