News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১২, ২২ এপ্রিল ২০২৬

সৌদিতে পৌঁছেছেন ২০,৫৫৩ বাংলাদেশি হজযাত্রী, একজনের মৃত্যু

সৌদিতে পৌঁছেছেন ২০,৫৫৩ বাংলাদেশি হজযাত্রী, একজনের মৃত্যু

ছবি: সংগৃহীত

চলতি বছরের পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীর সংখ্যা ২০ হাজার অতিক্রম করেছে। 

বুধবার (২২ এপ্রিল) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস এবং ফ্লাইনাস এয়ারলাইনসের মোট ৫১টি ফ্লাইটে এখন পর্যন্ত ২০ হাজার ৫৫৩ জন হজযাত্রী নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন। তবে এরই মধ্যে সৌদি আরবে পৌঁছে নইম উদ্দীন মন্ডল (৭৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

হজ আইটি হেল্প ডেস্কের বুলেটিন সূত্রে জানা গেছে, বুধবার রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত প্রাপ্ত পরিসংখ্যানে দেখা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৫৫ জন, সৌদি এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী সৌদি আরবে অবতরণ করেছেন। মোট হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ২ হাজার ৮৩০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় পৌঁছেছেন ১৭ হাজার ৬৯৩ জন। সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ ও বাংলাদেশ হজ অফিসের সমন্বয়ে এই ফ্লাইট কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন: সৌদি আরব পৌঁছেছেন ১৫২৯৩ জন হজযাত্রী

এদিকে, হজের আনুষ্ঠানিকতা চলাকালীন সৌদি আরবে প্রথম কোনো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃত নইম উদ্দীন মন্ডল জয়পুরহাট সদর উপজেলার বাসিন্দা ছিলেন। চলতি বছর হজে গিয়ে এটিই প্রথম কোনো বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনা।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল ৪১৯ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে এবারের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবের উদ্দেশ্যে এই হজ ফ্লাইটগুলো পরিচালিত হবে। পরবর্তীতে ৩০ মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে, যা পর্যায়ক্রমে ৩০ জুন পর্যন্ত চলবে। এ বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জনসহ সর্বমোট ৭৯ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করার কথা রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়