News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৫, ২০ এপ্রিল ২০২৬

নৌপথে ভাড়া ৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব লঞ্চমালিকদের

নৌপথে ভাড়া ৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব লঞ্চমালিকদের

ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম বাড়ায় অভ্যন্তরীণ নৌপথে লঞ্চের ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে লঞ্চমালিকদের সংগঠন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা যাত্রীভাড়া সর্বোচ্চ ৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করেছে।

রবিবার (১৯ এপ্রিল) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যানকে পাঠানো এক চিঠিতে এ প্রস্তাব দেওয়া হয়। 

সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি বদিউজ্জামান বাদল স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ১৮ এপ্রিল সরকার ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করায় লঞ্চ পরিচালনার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি যন্ত্রাংশ, রং, গ্যাসসহ বিভিন্ন খরচও বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে পরিচালন ব্যয় প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে দাবি করা হয়।

প্রস্তাব অনুযায়ী, ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে প্রতি কিলোমিটারে ভাড়া ১ টাকা বাড়িয়ে ৩ টাকা ৭৭ পয়সা নির্ধারণের সুপারিশ করা হয়েছে, যা প্রায় ৩৬ শতাংশ বেশি। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ৩ টাকা ৩৮ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে, যা প্রায় ৪২ শতাংশ বৃদ্ধি। এ ছাড়া সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিএ নৌপথের ভাড়া নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে থাকে এবং অনুমোদিত ভাড়ার তালিকা সব নদীবন্দর, টার্মিনাল, ঘাট ও নৌযানে প্রদর্শনের নির্দেশনা রয়েছে।

চিঠিতে আরও বলা হয়, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে নৌপথে যাত্রীসংখ্যা কমে গেছে। ধারণক্ষমতা অনুযায়ী যাত্রী না পাওয়ায় লঞ্চমালিকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। এ অবস্থায় ভাড়া সমন্বয় না করলে লঞ্চ ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হবে বলে তারা উল্লেখ করেন।

সংগঠনটির মহাসচিব সিদ্দিকুর রহমান বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে একটি লঞ্চযাত্রায় প্রায় এক লাখ টাকার বেশি অতিরিক্ত ব্যয় বেড়েছে। ঢাকা-বরিশাল রুটে ৬ থেকে ৭ হাজার লিটার ডিজেল প্রয়োজন হয়, ফলে ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

এ বিষয়ে বিআইডব্লিউটিএর পরিচালক সাইফুল ইসলাম বলেন, জ্বালানির দাম বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। এখনই ভাড়া বাড়ানো হবে কি না, সে বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়