News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪০, ১৮ এপ্রিল ২০২৬

চলতি মৌসুমে প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন প্রধানমন্ত্রীর

চলতি মৌসুমে প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

২০২৬ সালের পবিত্র হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এর আগে রাত ১০টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী আশকোনা হজ ক্যাম্পে গিয়ে হজযাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে রাত ১২টা ২০ মিনিটে প্রথম ফ্লাইট ছাড়ার আগে বিমানে উঠে যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, এ বছর হজযাত্রীদের মাথাপিছু প্রায় ১২ হাজার টাকা ব্যয় কমানো হয়েছে এবং ভবিষ্যতে খরচ আরও কমানোর উদ্যোগ নেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সর্বাত্মক চেষ্টা করছে এবং কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।

বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, নির্ধারিত সময়ে হজ ফ্লাইট পরিচালনায় এয়ারলাইনস ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত সমন্বয় করা হচ্ছে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। হজযাত্রী পরিবহনে অংশ নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইন্যাস। আগামী ২১ মে পর্যন্ত ঢাকা থেকে হজ ফ্লাইট পরিচালিত হবে।

আরও পড়ুন: ৪৮ দিন পর হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে ৩০ মে থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে ১ জুলাই পর্যন্ত।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়