News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৩, ১৮ এপ্রিল ২০২৬

সব স্তরের শিক্ষাবৃত্তি দ্বিগুণ করার সিদ্ধান্ত সরকারের

সব স্তরের শিক্ষাবৃত্তি দ্বিগুণ করার সিদ্ধান্ত সরকারের

ফাইল ছবি

দেশের প্রান্তিক ও মেধাবী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে সব স্তরের শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত প্রতিটি স্তরে ‘মেধা’ ও ‘সাধারণ’ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এখন থেকে আগের তুলনায় দ্বিগুণ অর্থ পাবেন।

সর্বশেষ ২০১৫-১৬ অর্থবছরে শিক্ষাবৃত্তির হার নির্ধারণ করা হয়েছিল। দীর্ঘ প্রায় এক দশক পর নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর গত ২ এপ্রিল শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের নির্দেশনায় এ হার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়।

এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সরকারের বার্ষিক ব্যয় প্রায় ১৮৪ কোটি টাকা থেকে বেড়ে প্রায় ৩৬৮ কোটি ১৬ লাখ টাকায় দাঁড়াবে। এটি অর্থ বিভাগের বাজেট বরাদ্দের ওপর নির্ভর করে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. সাইদুর রহমান জানান, সম্প্রতি অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় সব ধরনের শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) পূর্ণাঙ্গ প্রস্তাব প্রস্তুত করতে বলা হয়েছে।

গত ৬ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, স্নাতক ও পেশাগত বৃত্তিসহ সব ক্যাটাগরির মাসিক বৃত্তি ও এককালীন অনুদান দ্বিগুণ করার সিদ্ধান্ত হয়।

মাউশির খসড়া প্রস্তাব অনুযায়ী, প্রাথমিক স্তরে মেধাবৃত্তি ৩০০ টাকা থেকে ৬০০ টাকা এবং সাধারণ বৃত্তি ২২৫ টাকা থেকে ৪৫০ টাকা করা হচ্ছে। জেএসসি স্তরে মেধাবৃত্তি ৪৫০ টাকা থেকে ৯০০ টাকা এবং সাধারণ বৃত্তি ৩০০ টাকা থেকে ৬০০ টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে।

এসএসসি স্তরে মেধাবৃত্তি ৬০০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকা এবং সাধারণ বৃত্তি ৩৫০ টাকা থেকে ৭০০ টাকা করা হচ্ছে। এইচএসসি স্তরে মেধাবৃত্তি ৮২৫ টাকা থেকে ১ হাজার ৬৫০ টাকা এবং সাধারণ বৃত্তি ৩৭৫ টাকা থেকে ৭৫০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

এছাড়া বার্ষিক এককালীন অনুদানও সব স্তরে দ্বিগুণ করা হচ্ছে।

আরও পড়ুন: শিক্ষার্থীদের ফেরাতে প্রয়োজনে উপবৃত্তি বাড়ানো হবে: প্রতিমন্ত্রী

মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, দীর্ঘদিন বৃত্তির হার অপরিবর্তিত ছিল। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এটি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং শিগগিরই পূর্ণাঙ্গ প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে।

মাউশির তথ্য অনুযায়ী, দেশে প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত মোট ১ লাখ ৬৯ হাজার ৬৫৯ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি পাচ্ছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়