দেশজুড়ে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু
ছবি: সংগৃহীত
দেশে হামের প্রাদুর্ভাব ও মৃত্যুহার উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশব্যাপী জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম চলবে।
সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কের লিটল অ্যাঞ্জেল সেমিনারিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।
একই সঙ্গে দেশের প্রতিটি জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পৃথকভাবে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
কর্মসূচির আওতায় ১৮টি জেলা, ৩০টি উপজেলা ও ৪টি সিটি করপোরেশনসহ সারাদেশে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়া হবে। গত ৫ এপ্রিল শুরু হওয়া প্রথম ধাপ ২৫ এপ্রিল পর্যন্ত এবং ১২ এপ্রিল শুরু হওয়া কার্যক্রম ১২ মে পর্যন্ত চলবে। এছাড়া নতুন করে শুরু হওয়া এই বিশেষ ক্যাম্পেইন সিটি করপোরেশন এলাকায় ২০ মে পর্যন্ত এবং দেশের অন্যান্য এলাকায় ১২ মে পর্যন্ত চলবে।
আরও পড়ুন: হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
এর আগে ৫ এপ্রিল দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়। পরে ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণসহ বরিশাল ও ময়মনসিংহ সিটি করপোরেশনেও এই কার্যক্রম সম্প্রসারণ করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








