News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৯, ১৮ এপ্রিল ২০২৬

৪৮ দিন পর হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’

৪৮ দিন পর হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’

ছবি: সংগৃহীত

প্রায় ৪৮ দিন পর অবশেষে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। ইরান বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য প্রণালিটি উন্মুক্ত ঘোষণা করার পর শুক্রবার রাত ৯টার দিকে যাত্রা শুরু করে জাহাজটি।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছেন, বাংলাদেশ সময় রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি হরমুজ প্রণালিতে প্রবেশ করে এবং রাত ৩টার দিকে প্রণালি অতিক্রম করতে পারে।

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংকটের কারণে জাহাজটি প্রায় ৪৮ দিন বিভিন্ন বন্দরে অবস্থান করে। সর্বশেষ সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে ৩৭ হাজার টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। তবে হরমুজ প্রণালি বন্ধ থাকায় এটি সেখানে আটকে পড়ে।

পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর ৮ এপ্রিল জাহাজটি কেপটাউনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ১০ এপ্রিল হরমুজের কাছাকাছি পৌঁছে ট্রানজিট ক্লিয়ারেন্স চাইলেও ইরানি কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে। পরে জাহাজটি নিরাপদ দূরত্বে নোঙর করে অপেক্ষায় ছিল।

বিএসসির তথ্য অনুযায়ী, গত ২ ফেব্রুয়ারি জাহাজটি হরমুজ প্রণালি হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। এরপর কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জাবেল আলী বন্দরে পৌঁছে। পরদিন ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

আরও পড়ুন: অর্ধদিবস বিদ্যুৎহীন দেশ: চরম বিপর্যয়ে জনজীবন

১১ মার্চ জাবেল আলীতে পণ্য খালাসের পর জাহাজটির কুয়েতে যাওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে বিএসসি সেটি পরিবর্তন করে। পরে রাস আল খায়ের বন্দর থেকে সার বোঝাই করে কেপটাউনের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নেয় জাহাজটি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়