আরও ১৯ জেলায় ফুয়েল পাস নিবন্ধন শুরু
ফাইল ছবি
জ্বালানি খাতে চলমান অস্থিরতা মোকাবিলায় দেশজুড়ে ‘ফুয়েল পাস’ সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আরও ১৯ জেলায় ফুয়েল পাস নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় আজ থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় এই নিবন্ধন চালু করা হবে।
এর আগে ১৮ এপ্রিল মন্ত্রণালয় জানায়, ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের পাইলট প্রকল্প সম্প্রসারণের অংশ হিসেবে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহসহ কয়েকটি জেলায় নিবন্ধিত মোটরসাইকেলগুলোকে এ ব্যবস্থার আওতায় আনা হয়েছে।
দেশব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থা আরও স্বচ্ছ ও আধুনিক করা এবং ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনতে গত ৯ এপ্রিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করে। প্রথমে ঢাকার ৭টি পাম্পে এ কার্যক্রম শুরু হলেও পরে তা ১৮টি পাম্পে সম্প্রসারণ করা হয়।
আরও পড়ুন: আদালত হয়রানির জায়গা নয়, ন্যায়বিচারের নিরাপদ স্থল: প্রধানমন্ত্রী
প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিক ও চালকদের জন্য চালু করা এই অ্যাপ সফল হলে পর্যায়ক্রমে দেশের সব ধরনের যানবাহনের জন্য এটি উন্মুক্ত করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








