বুধবারের মধ্যে চুক্তি না হলে ইরানে আবার হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে আগামী বুধবারের মধ্যে দীর্ঘমেয়াদি ও স্থায়ী চুক্তি না হলে যুদ্ধবিরতি শেষ করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানো হবে না এবং ইরানের ওপর পুনরায় বোমা হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
শনিবার (১৮ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, আমি সম্ভবত যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াব না। ইরানের বন্দরগুলোর ওপর আমাদের অবরোধ কঠোরভাবে বজায় থাকবে। বুধবারের মধ্যে কোনো সম্মানজনক সমাধান না এলে দুর্ভাগ্যবশত আবারও বোমাবর্ষণ শুরু করতে হবে।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যার মেয়াদ আগামী বুধবার শেষ হওয়ার কথা। এই সময়ের মধ্যে স্থায়ী সমঝোতায় পৌঁছাতে দুই দেশ মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষ আলোচনায় যুক্ত রয়েছে।
এর আগে ইসলামাবাদ-এ দুই পক্ষের প্রতিনিধিদের সরাসরি বৈঠক হলেও তা কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়। পরে হোয়াইট হাউস চুক্তির বিষয়ে আশাবাদ প্রকাশ করলেও ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য সেই সম্ভাবনায় অনিশ্চয়তা তৈরি করেছে।
আরও পড়ূন: পদত্যাগ করলেন শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রী
বিশ্লেষকদের মতে, নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে ইরানের ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে সময়মতো সমঝোতা না হলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








