টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে চালক-হেলপার নিহত
ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক ও হেলপার নিহত হয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোপালপুর উপজেলার মনতলা গ্রামের লাল মামুদের ছেলে বাসের সুপারভাইজার আতিকুল ইসলাম (৪০) এবং একই উপজেলার পাকুয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে বাসের হেলপার মজন মিয়া (৪৩)।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, গোপালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাসের চালক ও হেলপার নিহত হন।
দুর্ঘটনার পর উদ্ধারকাজে অংশ নিতে গিয়ে স্থানীয় বিদ্যুৎ নামে এক যুবক মাথায় আঘাত পেয়ে আহত হন। এ সময় সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকলেও পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তা স্বাভাবিক হয়।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে চালু হচ্ছে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার
তিনি আরও জানান, ঘাটাইল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








