বয়স যাচাই অ্যাপ আনছে ইউরোপীয় ইউনিয়ন
প্রতীকী ছবি
অনলাইনে শিশুদের নিরাপত্তা জোরদার করতে নতুন বয়স যাচাই অ্যাপ চালু করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা ব্যক্তিগত তথ্য প্রকাশ না করেই নিজেদের বয়স প্রমাণ করতে পারবেন।
প্রস্তাবিত এই অ্যাপটি একটি ডিজিটাল পরিচয়পত্রের মতো কাজ করবে। ব্যবহারকারীরা পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে বয়স যাচাই করতে পারবেন। তবে কোনো ওয়েবসাইট বা অ্যাপ সরাসরি ব্যবহারকারীর জন্মতারিখ বা সংবেদনশীল তথ্য দেখতে পারবে না; শুধু নির্ধারিত বয়সসীমার ওপরে বা নিচে আছেন কি না—এ তথ্যই জানা যাবে।
ইউরোপীয় কমিশন জানিয়েছে, এ ব্যবস্থা চালু হলে প্রযুক্তি কোম্পানিগুলো আলাদা করে বয়স যাচাইয়ের যুক্তি দেখাতে পারবে না। একই সঙ্গে ব্যবহারকারীর তথ্য সংগ্রহের চাপও কমবে।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন দেশ ইতোমধ্যে কঠোর পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রয়েছে নির্দিষ্ট বয়সসীমার নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা ও অভিভাবকের অনুমতি বাধ্যতামূলক করা।
তবে প্রযুক্তি কোম্পানিগুলো বলছে, এ ধরনের বয়স যাচাই ব্যবস্থায় ব্যবহারকারীর গোপনীয়তা ঝুঁকিতে পড়তে পারে। বিশেষ করে কেন্দ্রীয়ভাবে তথ্য সংরক্ষণ করা হলে নিরাপত্তা ও ডেটা ব্যবস্থাপনা আরও জটিল হয়ে উঠতে পারে।
এই প্রেক্ষাপটে ইউরোপের নতুন অ্যাপটিকে একটি বিকল্প সমাধান হিসেবে দেখা হচ্ছে, যেখানে তথ্য সরাসরি প্ল্যাটফর্মে ছড়িয়ে না পড়ে একটি নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে যাচাই সম্পন্ন হবে।
আরও পড়ুন: ইন্টারনেটে বেশি খোঁজেন চাকরির তথ্য, বাড়ছে রেডিও শোনার প্রবণতা
ইউরোপীয় কমিশন জানিয়েছে, অ্যাপটি শিগগিরই ইউরোপীয় নাগরিকদের জন্য উন্মুক্ত করা হবে এবং সদস্য দেশগুলো নিজেদের প্রয়োজন অনুযায়ী এটি কাস্টমাইজ করতে পারবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








