দেশে আসছে আরও ১৬ কার্গো এলএনজি
ছবি: সংগৃহীত
চলতি ও আগামী মাসে মোট ১৬ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির পরিকল্পনা নিয়েছে সরকার। এতে দেশে এলএনজি সরবরাহে কোনো সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সূত্র জানায়, পর্যাপ্ত জ্বালানি মজুত ও নিয়মিত আমদানির কারণে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে। পাশাপাশি বিকল্প উৎস থেকেও এলএনজি সংগ্রহের প্রস্তুতি রয়েছে।
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (প্রকৌশল) মো. রফিকুল ইসলাম জানান, এপ্রিল মাসে ৯ কার্গো এলএনজি আমদানি করা হচ্ছে, যার মধ্যে ইতোমধ্যে ৪টি দেশে পৌঁছেছে।
তিনি আরও জানান, মে মাসে ১১ কার্গো এলএনজি আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৭টি নিশ্চিত হয়েছে এবং বাকি ৪টির ক্রয়প্রক্রিয়া চলমান।
আরও জানা গেছে, এপ্রিলের কার্গোগুলোর মধ্যে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও অ্যাঙ্গোলা থেকে সরবরাহ আসছে। মে মাসের জন্যও স্পট মার্কেট ও দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি আনা হচ্ছে।
দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়ায় এলএনজির ওপর নির্ভরতা বাড়ছে বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তাদের মতে, বিশ্ববাজারে দাম বাড়ায় জ্বালানি ব্যয়ও বৃদ্ধি পাচ্ছে, যা অর্থনীতিতে চাপ তৈরি করছে।
আরও পড়ুন: তীব্র জ্বালানি সংকটের চাপে শিল্প উৎপাদন কমেছে ৩০%
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অনারারি অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ ড. বদরুল ইমাম বলেন, বৈশ্বিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বাড়ছে। তবে বিকল্প উৎস যেমন ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে আমদানি বাড়ানো গেলে খরচ কিছুটা কমানো সম্ভব হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








