News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩১, ১৭ এপ্রিল ২০২৬

রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির নানিয়ারচরের কুদুকছড়ি আবাসিক এলাকায় সশস্ত্র হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ (প্রসীত))-এর গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি ধর্মশিং চাকমা নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন তার দুই বোন, ভাগ্য শোভা চাকমা ও কৃপা সোনা চাকমা।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৬টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ইউপিডিএফের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, জেএসএস (সন্তু) সংশ্লিষ্ট একটি সশস্ত্র গ্রুপ এ হামলা চালিয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে জেএসএস।

রাঙ্গামাটির পুলিশ সুপার মো. আব্দুর রকিব বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের জন্য পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল পাঠানো হয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. এন্থনী চাকমা জানান, গুলিবিদ্ধ দুই নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। তাদের একজনের কনুই এবং অন্যজনের হাতের তালুতে গুলি লেগেছে।

স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে একটি সশস্ত্র গ্রুপ এলাকায় অবস্থান নিয়ে ভোরে লক্ষ্য করে ধর্মশিং চাকমাকে গুলি করে হত্যা করে। এ সময় তার দুই বোন গুলিবিদ্ধ হন।

আরও পড়ুন: যশোরে সাংবাদিকসহ ১০জনের বিরুদ্ধে মামলা

ধর্মশিং চাকমা দীর্ঘদিন ধরে ইউপিডিএফ-ঘনিষ্ঠ সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে চলমান সংঘাত নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়