৭৭ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ৩ জাহাজ
ছবি: সংগৃহীত
দেশের জ্বালানি চাহিদা মেটাতে সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে বিপুল পরিমাণ ডিজেল ও জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে তিনটি বিশাল জাহাজ। জাহাজগুলোতে মোট ৭৭ হাজার মেট্রিক টন জ্বালানি রয়েছে, যার খালাস কার্যক্রম বর্তমানে পুরোদমে চলছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
বিপিসি সূত্রে জানা গেছে, সিঙ্গাপুর থেকে আগত ‘এমটি গ্রেট প্রিন্সেস’ জাহাজটি মঙ্গলবার সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটি-৬-এ জেট ফুয়েল খালাস করছে। জাহাজটিতে প্রায় ১১ হাজার মেট্রিক টন বিমান জ্বালানি রয়েছে, যা সরাসরি বিমান চলাচলের জন্য গুরুত্বপূর্ণ সরবরাহ হিসেবে বিবেচিত।
অন্যদিকে, ইন্দোনেশিয়ার পতাকাবাহী ‘এমটি লুসিয়া সোলিস’ জাহাজটি মালয়েশিয়া থেকে গত ৯ এপ্রিল যাত্রা শুরু করে মঙ্গলবার দিবাগত রাত ১১টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। প্রায় ৩৪ হাজার মেট্রিক টন ডিজেলবাহী এই জাহাজ থেকে বর্তমানে লাইটারেজ পদ্ধতিতে জ্বালানি খালাস চলছে।
আরও পড়ুন: জ্বালানি নিয়ে দেশে পৌঁছেছে আরও দুই জাহাজ, আসছে আরও চারটি
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বুধবার দুপুরে জাহাজটি ডলফিন জেটি-৫-এ ভেড়ার কথা রয়েছে।
এদিকে, ডেনমার্কের পতাকাবাহী ‘এমটি টর্ম দামিনি’ নামের আরেকটি জাহাজ প্রায় ৩২ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে মঙ্গলবার রাত থেকে বন্দরের বহির্নোঙরে খালাস কার্যক্রম শুরু করেছে। মালয়েশিয়া থেকে ৯ এপ্রিল যাত্রা করা এই জাহাজটি বুধবার ডলফিন জেটি-৬-এ পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা।
বিপিসির কর্মকর্তারা জানিয়েছেন, চট্টগ্রাম বন্দরের গভীরতাজনিত সীমাবদ্ধতার কারণে বড় আকারের জাহাজগুলো সরাসরি জেটিতে ভেড়তে পারে না। ফলে এসব জাহাজ প্রথমে বহির্নোঙরে অবস্থান করে আংশিক জ্বালানি খালাস করে এবং পরবর্তীতে জেটিতে ভেড়ার পর অবশিষ্ট জ্বালানি খালাস সম্পন্ন করা হয়।
নিউজবাংলাদেশ.কম/পলি








