ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৮ জন
ছবি: সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী রয়েছেন। পুরুষদের বয়স যথাক্রমে ৫৩ ও ১৮ বছর, আর নারীর বয়স ২২ বছর।
বৃহস্পতিবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে—সংখ্যা ৯৪ জন। এ ছাড়া বরিশাল বিভাগে ৭৩ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৫৯ জন, চট্টগ্রামে ৫৮ জন, রাজশাহীতে ৫২ জন, খুলনায় ৩৭ জন, ময়মনসিংহে ২৫ জন, রংপুরে ৭ জন এবং সিলেট বিভাগে ৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে। তাদের মধ্যে ৫৫ জন পুরুষ এবং ৪০ জন নারী। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৩ হাজার ২২০ জন। শুধু জুলাই মাসেই ভর্তি হয়েছেন ১০ হাজারের বেশি রোগী।
আরও পড়ুন: ‘অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের সূচনা, নির্বাচনই এখন প্রধান’
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজন জনসচেতনতা, মশা নিধনে সমন্বিত উদ্যোগ এবং দ্রুত চিকিৎসাসেবা গ্রহণ।
নিউজবাংলাদেশ.কম/এসবি








