News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৪৩, ১৩ আগস্ট ২০২৫

মন্ত্রী-এমপি, সচিবসহ যাদের প্লট-ফ্ল্যাটের কোটা বাতিল

মন্ত্রী-এমপি, সচিবসহ যাদের প্লট-ফ্ল্যাটের কোটা বাতিল

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের এক বছরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কার্যক্রমে এসেছে ব্যাপক পরিবর্তন। বৈষম্যমূলক প্লট-ফ্ল্যাট বরাদ্দের কোটাব্যবস্থা বাতিল, দীর্ঘদিনের অনিয়ম-দুর্নীতির তদন্ত, অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা এবং শহীদ পরিবার ও নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের জন্য আবাসন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগের কথা জানানো হয়েছে। 

বুধবার (১৩ আগস্ট) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

এসব পদক্ষেপের সাথে যুক্ত হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি সংরক্ষণে বড় পরিকল্পনাও।

রাজউক ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বরাদ্দ বিধিমালা সংশোধন করে মন্ত্রী, সংসদ সদস্য, বিচারপতি, সরকারি কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীর জন্য নির্ধারিত কোটা বাতিল করা হয়েছে। একই পরিবারের একাধিক সদস্যকে প্লট বা ফ্ল্যাট দেওয়ার সুযোগও বন্ধ করা হয়েছে।

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে বিশেষ অডিটে গৃহায়ণ কর্তৃপক্ষের ২৮২টি অনিয়ম চিহ্নিত হয়েছে। এ ঘটনায় ১১ কর্মকর্তা বরখাস্ত হয়েছেন এবং রূপপুর গ্রিন সিটি প্রকল্পে জড়িত ২৫ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলছে। হাইকোর্টের নির্দেশে রাজউকের বরাদ্দে অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিটি কাজ করছে।

আরও পড়ুন: স্থানীয় প্রশাসনের দায়িত্বহীনতায় সাদাপাথর লুট: দুদক

ধানমন্ডিতে নিয়মবহির্ভূতভাবে পাওয়া ১২টি বিলাসবহুল ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করা হয়েছে। এছাড়া জনস্বার্থবিরোধী পাঁচটি প্রকল্প বাতিল করে সরকারের প্রায় ৪২৬ কোটি টাকা সাশ্রয় হয়েছে।

শেরেবাংলা নগরের ১৭.৪৭ একর জমিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নির্মাণের কাজ চলছে। রাজধানীর শাহবাগসহ ৯টি জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ শেষ হয়েছে, আরও ৫৫ জেলায় কাজ চলছে। এ ছাড়া গণভবনকে স্মৃতি জাদুঘরে রূপান্তরের প্রকল্পের জন্য প্রায় ১১১ কোটি টাকা ব্যয়ে সিভিল ও ইলেকট্রিক্যাল কাজের বরাদ্দ চূড়ান্ত হয়েছে।

মিরপুরে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের জন্য ২,৩৮০টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্প একনেক অনুমোদনের অপেক্ষায়। আজিমপুরে নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের জন্য ৮৩৬টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগও নিয়েছে মন্ত্রণালয়। স্বাধীন উৎসে পাওয়া তথ্য অনুযায়ী, পৃথক প্রস্তাবে শহীদ পরিবারের জন্য ৮০৪টি এবং গুরুতর আহতদের জন্য ১,৫৬০টি ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা সংখ্যাগত দিক থেকে সরকারি বিজ্ঞপ্তির সঙ্গে কিছুটা পার্থক্য তৈরি করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির জন্য নতুন কর্মী নিয়োগ, নীতিমালা হালনাগাদ এবং ঠিকাদার তালিকাভুক্তির পুরনো শ্রেণিভিত্তিক কাঠামো বাতিলসহ একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়