News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৫, ১৫ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:৩৯, ১৯ জানুয়ারি ২০২০

ভোটের মাঠে থাকতে পারবেন আব্বাস

ভোটের মাঠে থাকতে পারবেন আব্বাস

ঢাকা: জামিন আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনী প্রচারণায় মির্জা আব্বাস অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

বুধবার আব্বাসের দুটি মামলার জামিন আবেদন শুনানি শেষে দ্বিধাবিভক্ত রায় দেন আদালত। এরপর তার আইনজীবী সাংবাদিকদের এ কথা বলেন।

বাদল জানান, জামিন আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মির্জা আব্বাস নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন এবং এ সময়ের মধ্যে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারবে না।

তিনি আশা প্রকাশ করে বলেন, “এই আদালতের জ্যেষ্ঠ বিচারপতি যেহেতু মির্জা আব্বাসকে জামিন দিয়েছেন, সেহেতু তৃতীয় বেঞ্চের বিচারপতিও জামিন দেবেন।”

তিনি জানান, জ্যেষ্ঠ বিচারপতি তার আদেশে তিন সপ্তাহের জামিন শেষে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের জামিন আবেদনের শুনানি শেষে দ্বিধাবিভক্ত রায় দিয়েছেন হাইকোর্ট।

আজ শুনানি শেষে পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা গাড়ি পোড়ানো মামলায় আব্বাসকে তিন সপ্তাহের জামিন দেন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী। কিন্তু বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর এতে দ্বিমত প্রকাশ করেন।

শাহবাগ থানায় করা দুদকের মামলায় জামিন আবেদনের শুনানি এখনও হয়নি।

নিয়ম অনুযায়ী মির্জা আব্বাসের এই জামিন আবেদন এখন প্রধান বিচারপতির কাছে যাবে। তিনি এ আবেদন শুনানির জন্য তৃতীয় বেঞ্চ গঠন করে দেবেন।

মির্জা আব্বাসের বিরুদ্ধে পল্টন ও মতিঝিল থানায় গাড়ি পোড়ানোর অভিযোগে মামলা রয়েছে। অন্যদিকে শাহবাগ থানায় রয়েছে দুদকের মামলা।

নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে

 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়