News Bangladesh

আইন-আদালত ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৫, ২২ ডিসেম্বর ২০২৫

সাজা থেকে খালাস চেয়ে আপিল করলেন সাবেক আইজিপি মামুন 

সাজা থেকে খালাস চেয়ে আপিল করলেন সাবেক আইজিপি মামুন 

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় পাঁচ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেছেন রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সাবেক এই আইজিপির পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আপিল আবেদনে তার পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড হিসেবে রয়েছেন মধুমালতি চৌধুরী বড়ুয়া।

সোমবার (২২ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের একটি সূত্র জানায়, গত ১৭ ডিসেম্বর এ আপিল করা হয়েছে।

২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত অভ্যুত্থানসংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আসামি থেকে রাজসাক্ষী হওয়া আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন।

ওই দিন বহুল আলোচিত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। রায়ে তাদের বিরুদ্ধে হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

রায়ে ট্রাইব্যুনাল বলেন, মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও আবদুল্লাহ আল মামুনের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে। শেখ হাসিনা ড্রোন, হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়ে ‘সুপিরিয়র রেসপনসিবিলিটি’ পালন করেছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক আইজিপি সেই নির্দেশ বাস্তবায়ন করেছেন বলে রায়ে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: ছায়ানটে হামলার ঘটনায় মামলা

এ মামলার রায়ের পর একটি অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশন ইতোমধ্যে আপিল করেছে। অন্যদিকে, পাঁচ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করলেন সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়