মার্কিন কালো তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে কিউবাকে
সন্ত্রাসবাদে অভিযুক্ত দেশের কালো তালিকা থেকে কিউবার নাম বাদ দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই কালো তালিকা থেকে কিউবার নাম বাদ দেওয়ার বিষয়ে গতকাল মঙ্গলবার কংগ্রেসকে জানান ওবামা। গত পাঁচ দশক ধরে দুই দেশের শীতল সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে উত্তরণে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। আজ বুধবার বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়।
এ বিষয়ে কংগ্রেসকে ওবামা বলেন, বিগত ছয় মাসে কিউবা সরকার আন্তর্জাতিক সন্ত্রাসবাদে কোনো সমর্থন দেয়নি।
এএফপির খবরে বলা হয়, সন্ত্রাসে মদতদাতা দেশের তালিকা থেকে কিউবাকে বাদ দেওয়ার প্রেসিডেন্টের পদক্ষেপের বিরোধিতা করতে মার্কিন আইনপ্রণেতারা ৪৫ দিন সময় পাবেন। অন্যথায় তা পরিণতির দিকে গড়াবে।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের তিক্ততার অবসান ঘটিয়ে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু করেন। এরপর গত বছরের শেষের দিকে শুরু হয় দীর্ঘ মূল্যায়ন।
সম্প্রতি পানামার রাজধানী পানামা সিটিতে কাস্ত্রোর সঙ্গে ঐতিহাসিক বৈঠক হয় ওবামার। বৈঠকের তিন দিন পর কালোতালিকা থেকে কিউবার নাম বাদ দিতে উদ্যোগী হলেন ওবামা। তাঁর এই উদ্যোগকে ‘ন্যায্য’ বলে অভিহিত করেছে কিউবা।
দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ক্ষেত্রে এই কালো তালিকা একটি অন্যতম বাধা। ১৯৮২ সালে কিউবাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








