ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৪০০ জনের মৃত্যু
ঢাকা: ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৪০০ জনের মৃত্যু হয়েছে। আফ্রিকান অভিবাসী বহনকারী নৌকাটি লিবিয়া থেকে ইতালি যাচ্ছিল। স্থানীয় সময় সোমবার অবৈধ অভিবাসীবাহী নৌকাটি ভূমধ্যসাগরে ডুবে যায়। খবর বিবিসি, রয়টার্সের।
ডুবে যাওয়া নৌকাটিতে ৫৫০ জন অভিবাসী ছিল। এর মধ্যে মঙ্গলবার পর্যন্ত ১৫০ জনকে উদ্ধার করেছে ইতালি কোস্ট গার্ড। বাকি ৪০০ জনের খোঁজ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তাদের মৃত্যু হয়েছে। নৌকাডুবি থেকে উদ্ধার হওয়া অভিবাসী যাত্রীরা এসব কথা বলেন। তারা জানান, অভিবাসীরা ইতালির উদ্দেশে লিবিয়া থেকে একটি নৌকায় রওনা হয়েছিল।
নৌকার বেশিরভাগ যাত্রী ছিল আফ্রিকার সাব-সাহারান অঞ্চলের।
লিবিয়া উপকূল থেকে ছেড়ে আসার ২৪ ঘণ্টার মধ্যে নৌকাটি ডুবে যায়। এরপর মঙ্গলবার সকালে দক্ষিণ ইতালি থেকে ১৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়।
এক কর্মকর্তা জানান, আবহাওয়া ভালো থাকার কারণে এ সময় ভূমধ্যসাগের মানুষ পাচারের হিড়িক পড়ে । গত ফেব্রুয়ারিতে নৌকাডুবি হলে সমুদ্রের ঠাণ্ডা পানিতে ৩৩০ জনের মৃত্যু হয়।
ইতালি লিবিয়ার সীমান্তের কাছেই। তাই সাব সাহারীয় অঞ্চলের অধিবাসীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া হয়ে ইউরোপে অভিবাসনের চেষ্টা চালিয়ে থাকে। আইওএম জানিয়েছে চলতি বছরে এরই মধ্যে ভূমধ্যসাগরে এ ধরনের নৌকা ডুবিতে প্রায় ৫০০ যাত্রী মারা গেছেন। আর বোঝাই নৌকাগুলো থেকে হাজারের বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম








