News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:২৫, ২৩ ডিসেম্বর ২০২৫

তুরস্কের সংসদে বাজেট অধিবেশনে ১০ মিনিটের হাতাহাতি

তুরস্কের সংসদে বাজেট অধিবেশনে ১০ মিনিটের হাতাহাতি

ছবি: সংগৃহীত

তুরস্কের জাতীয় সংসদের বাজেট অধিবেশনের শেষ দিনে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে তীব্র হাতাহাতি ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। 

রবিবার (২১ ডিসেম্বর) গভীর রাতে শুরু হওয়া এই সংঘর্ষ প্রায় ১০ মিনিট ধরে চলতে থাকে, যার ফলে সংসদ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করতে বাধ্য হন স্পিকার নুমান কুরতুলমুশ।

ঘটনার সূত্রপাত হয় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি)-এর বুরসা থেকে নির্বাচিত সংসদ সদস্য মুস্তাফা ভারাঙ্ক এবং প্রধান বিরোধী রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)-র গ্রুপ ডেপুটি চেয়ারম্যান গোকহান গুনাইদিনের মধ্যে বাকবিতণ্ডা থেকে। 

ভারাঙ্ক সিএইচপি চেয়ারম্যান ওজগুর ওজেলকে উদ্দেশ্য করে বলেন, সিএইচপি পরিচালিত শহরের কৃষকরা এখনও বিনামূল্যের ট্রাক্টরের অপেক্ষায় রয়েছেন।

এর উত্তরে গুনাইদিন সরকারকে আক্রমণ করে বলেন, একে পার্টি রাজনৈতিক কাদা ছোড়াছুড়িতে নেমেছে এবং সিএইচপি পরিচালিত পৌরসভাগুলোর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। উত্তেজনা আরও বাড়ে সিএইচপি গ্রুপ ডেপুটি চেয়ারম্যান আলি মাহির বাসারির প্রতিবাদকে কেন্দ্র করে। অল্প সময়ের মধ্যে বাকবিতণ্ডা ধাক্কাধাক্কি ও সরাসরি ঘুষিতে রূপ নেয়। সংসদের কেন্দ্রীয় চেম্বারে উভয় দলের একাধিক সংসদ সদস্য সংঘর্ষে জড়িয়ে পড়েন। নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য হিমশিম খেতে হয়। বিরতির মধ্যেও কিছু সময় ধস্তাধস্তি অব্যাহত থাকে।

আরও পড়ুন: নয়াদিল্লির পর কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে ব্যারিকেড ভাঙার চেষ্টা

সংঘর্ষের মধ্যেও ২০২৬ সালের কেন্দ্রীয় সরকারের বাজেট আইন অনুমোদিত হয়। ভোটে পক্ষে পড়ে ৩২০টি এবং বিপক্ষে ২৪৯টি। পাশাপাশি ২০২৪ সালের ফাইনাল অ্যাকাউন্টস আইনও ৩১৬–২৪৭ ভোটে পাশ হয়।

সংঘর্ষের সময় সংসদে উপস্থিত ছিলেন সিএইচপি চেয়ারম্যান ওজগুর ওজেল এবং জাতীয়তাবাদী আন্দোলন পার্টির (এমএইচপি) চেয়ারম্যান দেভলেত বাহচেলি।

বিশেষভাবে উল্লেখযোগ্য, তুরস্কের সংসদে এ ধরনের হাতাহাতি প্রথম নয়। এর আগে বিরোধী নেতাদের কারাদণ্ড, বিতর্কিত নীতিমালা ও রাজনৈতিক ইস্যুতে সংসদ সদস্যরা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছেন। তবে বাজেট অধিবেশনের মতো গুরুত্বপূর্ণ দিনে এমন ঘটনা বিশ্ব গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: ইউরোনিউজ, তুর্কি টুডে, আলজাজিরা

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়