কঙ্গোতে যাত্রীবোঝাই নৌকায় আগুন, নিহত ১৪৮
ছবি: সংগৃহীত
আফ্রিকার কঙ্গো নদীতে ইঞ্জিনচালিত কাঠের নৌকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উল্টে যাওয়ার ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ১৪৮ জন। গত মঙ্গলবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের এমবানদাকা শহরের কাছে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
শনিবার (১৯ এপ্রিল) সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নৌকাটিতে নারী ও শিশুসহ প্রায় ৫০০ যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই অনেক যাত্রী নদীতে ঝাঁপ দেন। তবে সাঁতার না জানায় প্রাণ হারিয়েছেন বেশিরভাগই। প্রায় ১০০ জনকে জীবিত উদ্ধার করা হলেও, এখনও নিখোঁজ রয়েছেন কয়েকশ যাত্রী।
নৌযানটিতে রান্নার সময় আগুনের সূত্রপাত হয়েছিল বলে জানিয়েছেন নদী কমিশনার কম্পিতেন্ত লয়োকো। আগুন লাগার পর আতঙ্কিত যাত্রীরা একে একে নদীতে ঝাঁপিয়ে পড়েন।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৬৪
দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার হওয়া যাত্রীদের জন্য তৈরি করা হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্র।
উল্লেখ্য, কঙ্গোতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী তোলার কারণে প্রায়ই নৌদুর্ঘটনা ঘটে। গত বছরও দেশটির লেক কিভুতে নৌকাডুবিতে প্রাণ হারিয়েছিলেন অন্তত ৭৮ জন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








