ইয়েমেনে হামলা বন্ধের ঘোষণা সৌদি জোটের
শিয়া হুতি বিদ্রোহীদের দমনে ইয়েমেনে চলমান বিমান হামলা বন্ধের ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। গত চার সপ্তাহ ধরে বিমান হামলা চালানোর পর মঙ্গলবার তা বন্ধের ঘোষণা দেয়া হয়।
যুক্তরাষ্ট্র সৌদি জোটের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে সংকট নিরসনে আলোচনার আহবান জানিয়েছে। ইয়েমেনে বিমান হামলা বন্ধের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিবাদমান সব পক্ষের মধ্যে সংলাপ শুরু করার আশাবাদ ব্যক্ত করেছে ইরান।
তবে এ বিষয়ে হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে কোনো মন্তব্য জানা যায়নি।
সৌদি জোট হুতি বিদ্রোহীদের দমনে ইয়েমেনে চলমান বিমান হামলা বন্ধের ঘোষণা দিয়ে বলেছে, সংকট সমাধানে তারা রাজনৈতিক পথে অগ্রসর হলেও প্রয়োজনে বিমান হামলা যেকোনো সময় শুরু করা হবে। বিমান হামলার মাধ্যমে হুতি বিদ্রোহীদের হুমকি সফলভাবে মোকাবেলা সম্ভব হয়েছে বলে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দাবি হয়েছে।
এদিকে সৌদি জোট বিমান হামলার সফলতা দাবি করলেও ইয়েমেনের রাজধানী সানা এখনও বিদ্রোহীদের দখলে রয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলীয় এডেন নগরীতেও প্রেসিডেন্ট হাদির বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ চলছে।
ইরান বিমান হামলা বন্ধের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, এটি সংকট সমাধানে এক ধরনের অগ্রগতি।
সৌদি আরবে নির্বাসিত ইয়েমেনের প্রেসিডেন্ট হাদি এক টেলিভিশন বক্তৃতায় জয়ের অঙ্গীকার করে বলেছেন, আমরা শিগগিরই আমাদের নিজ ভূমি এডেন ও সানায় ফিরে যাবো।
হোয়াইট হাউজ বলছে, তারা বিমান হামলা বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে। একই সঙ্গে তারা সংকট সমাধানে আলোচনারও আহ্বান জানিয়েছে।
-
সানায় বিমান হামলায় নিহত ৬০, ইয়েমেন উপকূলে মার্কিন রণতরী
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








