News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১০, ২১ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:০০, ১৮ জানুয়ারি ২০২০

সানায় বিমান হামলায় নিহত ৬০, ইয়েমেন উপকূলে মার্কিন রণতরী

সানায় বিমান হামলায় নিহত ৬০, ইয়েমেন উপকূলে মার্কিন রণতরী

ইয়েমেনের রাজধানী সানায় একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। এদিকে, ইয়েমেন উপকূলে একটি বিমানবাহী রণতরী ও ক্ষেপণাস্ত্রবাহী একটি ক্রুজার রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

রাজধানীর হাদ্দা এলাকার কাছে ফাজ আত্তান পর্বতের নিকটবর্তী ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে গতকাল সোমবার হামলা চালানো হয়। হাদ্দার ওই এলাকায় প্রেসিডেন্ট প্রাসাদসহ বেশ কয়েকটি দেশের দূতাবাস অবস্থিত।

নাম না প্রকাশ করার শর্তে নিরাপত্তাবাহিনীর এক কর্মকর্তা চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে জানিয়েছেন, এ বিমান হামলায় নিহত সকলেই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথির সদস্য ও সমর্থক। তিনি জানান, এতে আহত হয়েছেন আরো ৪৯ জন।

রয়টার্সের খবরে বলা হয়, ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে আরব জোটের বিমান হামলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। রাজধানীর হাদ্দার ওই এলাকায় প্রেসিডেন্ট প্রাসাদসহ বেশ কয়েকটি দেশের দূতাবাস অবস্থিত।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে রয়টার্সের খবরে দাবি করা হয়, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের বিমান হামলা শুরুর পর এটাই সবচেয়ে বড় ধরনের বিস্ফোরণ।

আদেল মনসুর নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, বিস্ফোরণের বিকট শব্দে আমার বাড়ির জানালা চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। তীব্র বিস্ফোরণে আমার সন্তানেরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে এবং আমার এক আত্মীয় অচেতন হয়ে পড়েন।

এদিকে, ইয়েমেন উপকূলে একটি বিমানবাহী রণতরী ও ক্ষেপণাস্ত্রবাহী একটি ক্রুজার রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এসব রণতরী রোববার উপসাগর থেকে ইয়েমেন উপকূলের আরব সাগরের দিকে রওয়ানা হয়েছে বলে সোমবার জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
 
বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট ও এর পাহারাদার ক্রুজার ইউএসএস নর্ম্যান্ডি ইয়েমেন উপকূলে আগে থেকেই মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের আরো সাতটি যুদ্ধজাহাজের বহরের সঙ্গে যুক্ত হবে।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী দাবি করেছে, ওই অঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতির কারণে সেখানে উপস্থিতি বৃদ্ধি করছে তারা।
 
বিবৃতিতে দাবি করা হয়েছে, ওই এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল পথগুলো উন্মুক্ত ও নিরাপদ রাখার উদ্দেশ্যে সেখানে উপস্থিতি বাড়ানো হচ্ছে।
 
গত কয়েকদিন ধরে ওই নৌ এলাকায় সাতটি ইরানি জাহাজের উপস্থিথি নিয়ে সন্দেহ ঘণীভূত হওয়ার মুখে ইয়েমেন উপকূলে নিজেদের শক্তি বৃদ্ধি করল যুক্তরাষ্ট্র।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়