News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:০৩, ২১ এপ্রিল ২০১৫
আপডেট: ১০:১৪, ১৮ জানুয়ারি ২০২০

ভূমধ্যসাগরে ডুবে যাওয়া নৌযানের ক্যাপ্টেন ও ক্রু গ্রেফতার

ভূমধ্যসাগরে ডুবে যাওয়া নৌযানের ক্যাপ্টেন ও ক্রু গ্রেফতার

ভূমধ্যসাগরে কয়েশ শ যাত্রীসহ ডুবে যাওয়া নৌযানের ক্যাপ্টেন ও এক ক্রুকে গ্রেফতার করা হয়েছে। মানবপাচারে জড়িত থাকার সন্দেহে গতকাল সোমবার তাদের গ্রেফতার করা হয়।

ইতালির কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ মঙ্গলবার বিবিসি জানিয়েছে, গ্রেফতারকৃত ওই দুইজন দুর্ঘটনার পর উদ্ধারকৃত ২৮ জনের মধ্যে ছিলেন।

এই নৌ-ডুবিতে কয়েশ শ অভিবাসীর প্রাণহানির ঘটনায় সোমবার লুক্সেমবার্গে জরুরি বৈঠকে বসেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রীরা। ইইউ মন্ত্রীরা সংস্থার সহায়তা কার্যক্রম বৃদ্ধি ও পাচারকারীদের ধরার মাধ্যমে অভিবাসীদের প্রাণহানি বন্ধের প্রচেষ্টা জোরদারের অঙ্গীকার করেন। বৈঠকে ভূমধ্যসাগর এলাকার অভিবাসী সংকট লাঘবে ১০ দফার এক কর্মপরিকল্পনা পেশ করা হয়।

আফ্রিকা থেকে অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে রোববার স্থানীয় সময় মধ্যরাতে ভূমধ্যসাগরে অভিবাসী যাত্রীসহ একটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা ডুবে যায়। ৭০ ফুট লম্বা নৌযানটিতে প্রায় এক হাজার আরোহী ছিলেন বলে জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান। আরোহীদের মধ্যে মাত্র ২৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ছাড়া উদ্ধার করা হয়েছে ২৪ জনের মরদেহ।

জীবিত উদ্ধারকৃত ২৮ জনকে জাহাজে করে ইতালির সিসিলিতে নিয়ে আসে কোস্টগার্ড। পরে, তাদের মধ্য থেকে ক্যাপ্টেন ও ক্রুকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ক্যাপ্টেন তিউনিসিয়ার এবং ক্রু সিরিয়ার অধিবাসী বলে জানিয়েছেন ইতালির কর্মকর্তারা।

নৌযান ডুবিতে নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান ও উদ্ধারে অভিযান চলছে। এ ছাড়া পাচারকারী নৌযানের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অভিবাসী আরোহীসহ সাগরে নৌকাডুবি

ভূমধ্যসাগরে নৌকাডুবি: এক বাংলাদেশি উদ্ধার

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়