ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে ওবামা-কংগ্রেস সমঝোতা
ইরানের সঙ্গে পারমাণবিক বিষয়ে চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও কংগ্রেস। সমঝোতায় চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেসও ভূমিকা রাখতে পারবে বলে মেনে নিয়েছেন ওবামা। এ ঘটনাকে ইরান ও ছয় বিশ্বশক্তির মধ্যে সম্ভাব্য চুক্তির পথে একটা ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
গত মঙ্গলবার মার্কিন কংগ্রেস ও প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যে এ বিষয়ে সমঝোতা হয়।
পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে কোনো চুক্তি করার আগে কংগ্রেসের মতামত নেওয়ার দাবিতে শুরু থেকেই সোচ্চার বিরোধী রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্যরা। একপর্যায়ে প্রেসিডেন্ট বারাক ওবামার দল ডেমোক্রেটিক পার্টির সদস্যরাও রিপাবলিকানদের দাবির প্রতি সমর্থন ব্যক্ত করতে থাকেন। ইরানের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত চুক্তি আটকাতে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান রিপাবলিকান সিনেটর বব কর্কারের লেখা দ্বিদলীয় বিলে উভয় দলের ঐক্যমত তৈরি হয়। এর আগে আপত্তি করে এলেও প্রেসিডেন্ট বারাক ওবামা কংগ্রেসের রিপাবলিকান ও ডেমক্রেটদের সমর্থিত ওই বিলের বিষয়ে তার আপত্তি তুলে নেন। এরফলে সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটিতে বিলটি সর্বসম্মতভাবে পাস হয় বলে, বুধবার জানিয়েছে বিবিসি।
ওবামা বিলটিতে সই করতে রাজি হওয়ায় এটি কংগ্রেসের উভয়কক্ষে দ্রুত পাস হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এতে আগামীতে ইরানের সঙ্গে সই হওয়া যে কোনো চুক্তি প্রত্যাখ্যান করতে পারবে যুক্তরাষ্ট্র কংগ্রেস।
কমিটির চেয়ারম্যান বব কর্কার বলেন, বিলটির পক্ষে ডেমোক্র্যাটদেরও শক্ত সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়ে যাওয়ার পরই কেবল হোয়াইট হাউস দৃষ্টিভঙ্গি বদলেছে।
তবে প্রাথমিকভাবে যে বিলটি প্রস্তুত করা হয়েছিল, তাতে বেশ কিছু পরিবর্তন আনাতে সমর্থ হয়েছেন ওবামা।
প্রাথমিক বিলটিতে বিধান রাখা হয়েছিল, ইরানের সঙ্গে চূড়ান্ত পারমাণবিক চুক্তি করা হলে, কংগ্রেস তা ৬০ দিন পর্যন্ত স্থগিত রেখে পর্যালোচনা করে দেখতে পারবে। মঙ্গলবার পাস হওয়া বিলটিতে তা কমিয়ে ৩০ দিন করা হয়েছে। এ ছাড়া পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে ইরানকে অবরোধ থেকে মুক্তি দেওয়া হবে কি না, কংগ্রেসে তার ওপর চূড়ান্ত ভোটাভুটি করতে হবে।
এদিকে, বিলটি প্রসঙ্গে ইরান প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, পারমাণবিক আলোচনাকে মার্কিন অভ্যন্তরীণ রাজনীতি বাধাগ্রস্ত করবে, তা হতে দেওয়া হবে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়াহ আফখাম গতকাল এ কথা বলেন।
গতকাল বুধবার ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, বিশ্বশক্তিগুলো পরমাণু চুক্তির পাশিপাশি ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা একসঙ্গে প্রত্যাহার করে নিলেই কেবল ইরান চুক্তি করতে সম্মত হবে।
অন্যদিকে, হোয়াইট হাউস ও মার্কিন কংগ্রেসের সমঝোতায় খুশি হয়েছে ইরানের সঙ্গে ওই চুক্তির ঘোর বিরোধী ইসরায়েল। দেশটির গোয়েন্দাবিষয়ক মন্ত্রী ইউভাল স্টাইনিৎজ গতকাল বুধবার এ কথা বলেছেন। মন্ত্রী বলেন, ‘এটা ইসরায়েলি নীতিরই বিজয়।’
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








