কাশ্মিরে ফের পাকিস্তানি পতাকা প্রদর্শন
ভারত শাসিত কাশ্মিরে ফের পাকিস্তানি পতাকা প্রদর্শনের ঘটনা ঘটেছে। সম্প্রতি কারামুক্ত স্বতন্ত্রবাদী নেতা মসরত আলমের নেতৃত্বে সরকার বিরোধী এক বিক্ষোভে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় ডজনখানেক মিছিলকারীর হাতে শোভা পাচ্ছিল প্রতিবেশী দেশ পাকিস্তানের পতাকা। তারা ভারত বিরোধী স্লোগান দিচ্ছিল।
বুধবার নবভারত টাইমসের অনলাইন সংস্করণে বলা হয়, স্বতন্ত্রবাদী নেতা মসরত আলম একটি সমাবেশে যোগ দেন যেখানে আলী শাহ গিলানীকে সংবর্ধনা দেওয়া হয়। এসময় তিনি হাতে শুধু পাকিস্তানি পতাকাই নাড়াননি, মুখে স্লোগান দেন, ‘কাশ্মির বনেগা পাকিস্তান/ মেরি জান মেরি জান... পাকিস্তান পাকিস্তান; হাফিজ সাঈদ কা কেয়া পয়গাম/ কাশ্মির বনেগা পাকিস্তান’।
এদিকে, রাজ্য সরকারের অংশীদার বিজেপি এ ঘটনার তীব্র সমালোচনা করেছে। কয়েক সপ্তাহ আগে অপর স্বতন্ত্রবাদী নেতা আসিয়া অন্দরিবি এক র্যালিতে পাকিস্তানি ঝান্ডা উড়িয়েছিলেন যার রেশ এখনও চলছে।
অপরদিকে, দক্ষিণ কাশ্মিরের পুলবামা এলাকায় সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক যুবক নিহতের প্রতিবাদে ওই এলাকায় আজ (বুধবার) হরতাল পালন করা হয়। সেনাবাহিনীর দাবি, নিহত যুবক হিজবুল মুজাহিদিনের আন্ডারগ্রাউন্ড নেতা ছিলেন। তবে নিহতের পিতা দাবি করেন, তার ছেলের শরীরে গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি। সৈয়দ আলী শাহ গিলানির নেতৃত্বাধীন কট্টরপন্থি হুররিয়াত কনফারেন্স অভিযোগ করে, খালিদ মুজাফফর নামের ওই যুবক গত সোমবার সেনাবাহিনীর তথাকথিত ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, পরিস্থিতি বিস্ফোরক হলেও এখন পর্যন্ত শান্ত রয়েছে। হরতাল চলাকালে শহর ও আশপাশের এলাকার সব দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও স্কুল বন্ধ ছিল।
নিউজবাংলাদেশ.কম/একে
নিউজবাংলাদেশ.কম








