News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৭, ২১ ডিসেম্বর ২০২৫

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে নিহত ১০

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে নিহত ১০

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের অদূরে একটি পৌরসভায় অজ্ঞাত বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন গুরুতর আহত, যাদের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১টার ঠিক আগে জোহানেসবার্গ থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বেকারসডাল এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পুলিশের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, বন্দুকধারীরা হঠাৎ রাস্তায় সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালায়। গাউতেং প্রদেশের পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিডিলি বলেন, হামলার কারণ কিংবা হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি বারের কাছাকাছি এলাকায় অবৈধভাবে মদ বিক্রি হচ্ছিল—এমন একটি স্থানে হামলাটি সংঘটিত হয়। গুলির শব্দে মুহূর্তেই পুরো এলাকা আতঙ্কে রণক্ষেত্রে পরিণত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা কোনো সতর্কতা বা কথা না বলেই পথচারী ও সেখানে অবস্থানরত লোকজনকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে।

আরও পড়ুন: গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ৯৪ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার

উল্লেখ্য, প্রায় ৬ কোটি ৩০ লাখ জনসংখ্যার দেশ দক্ষিণ আফ্রিকায় সাম্প্রতিক বছরগুলোতে অপরাধ ও সহিংসতার হার উদ্বেগজনকভাবে বেড়েছে। বেকারসডালের এই ঘটনার কয়েক দিন আগেই, গত ৬ ডিসেম্বর রাজধানী প্রিটোরিয়ার কাছে একটি হোস্টেলে বন্দুকধারীদের হামলায় ১২ জন নিহত হন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়