News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৪, ২১ ডিসেম্বর ২০২৫

গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ৯৪ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার

গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ৯৪ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহ চিত্র ধীরে ধীরে আরও স্পষ্ট হয়ে উঠছে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হওয়া মরদেহের মাধ্যমে। সর্বশেষ মধ্য গাজা সিটির বিভিন্ন এলাকা থেকে আরও ৯৪ জন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) আল জাজিজার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গাজার সিভিল ডিফেন্স বরাতে সংবাদমাধ্যমটি জানায়, উদ্ধার হওয়া মরদেহগুলো ময়নাতদন্ত ও দাফনের প্রস্তুতির জন্য গাজা সিটির আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। পরে সেগুলো মধ্যাঞ্চলীয় শহর দেইর আল-বালাহর শহীদ কবরস্থানে দাফন করা হবে।

সিভিল ডিফেন্স জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর নিচে এখনও হাজার হাজার ফিলিস্তিনি চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

সংস্থাটি আরও জানায়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে সমাহিত হাজারো মরদেহ ইতোমধ্যে গাজার বিভিন্ন কবরস্থানে স্থানান্তর করা হয়েছে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। একই সময়ে আহত হয়েছেন অন্তত ১ লাখ ৭১ হাজার ১০০ জন।

আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতির পর ৪ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

গত ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে আগ্রাসন আপাতত কিছুটা কমলেও এখনও প্রায় প্রতিদিনই ইসরায়েলি হামলার শিকার হচ্ছেন গাজার সাধারণ মানুষ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়