চট্টগ্রামে নতুন করে ৮ শিশুর হাম শনাক্ত, মোট আক্রান্ত ৩৪
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম জেলায় আশঙ্কাজনকভাবে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় আরও ৮ জন শিশুর শরীরে এই সংক্রামক ব্যাধি শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ১৫ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮৩ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। তবে উদ্বেগের মাঝে স্বস্তির খবর হলো, একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২১ শিশু। সংক্রমণ পরিস্থিতি যাচাইয়ে নতুন করে আরও ৪টি নমুনা ঢাকার ‘ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে’ পাঠানো হয়েছে। এ পর্যন্ত চট্টগ্রাম থেকে সর্বমোট ৩০৫টি নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন: হাম ও উপসর্গ নিয়ে সারাদেশে আরও ৭ শিশুর মৃত্যু
বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় কঠোর অবস্থান নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোকে বিশেষ দিক-নির্দেশনা প্রদান করা হয়েছে। কোনো শিশু যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় এবং সন্দেহভাজন রোগীদের দ্রুততম সময়ে চিকিৎসার আওতায় আনা যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের বিশেষভাবে গুরুত্ব দিতে বলা হয়েছে।
সংক্রমণ যাতে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের নজরদারি বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে জনবহুল চট্টগ্রাম মহানগর এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের নিয়মিত পর্যবেক্ষণ করার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করার কার্যক্রমও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
নিউজবাংলাদেশ.কম/পলি








