‘অ্যাভাটার’ লুকে গোবিন্দ!
ছবি: সংগৃহীত
জেমস ক্যামেরনের বিশ্ববিখ্যাত ‘অ্যাভাটার’ ফ্র্যাঞ্চাইজি ঘিরে দর্শকদের আগ্রহ বরাবরই তুঙ্গে। এরই মধ্যে আসন্ন ছবি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভাইরাল ওই ভিডিওতে নীল রঙে ঢাকা শরীর ও লম্বা চুলে ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বলিউড অভিনেতা গোবিন্দকে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটদুনিয়ায় প্রশ্ন ওঠে, তবে কি সত্যিই হলিউডের এই মেগা প্রজেক্টে অভিনয় করছেন ‘হিরো নম্বর ওয়ান’ খ্যাত অভিনেতা গোবিন্দ? ভিডিওটি দেখে অনেক ভক্ত বিভ্রান্ত হলেও অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভিন্ন তথ্য।
জানা গেছে, ভাইরাল হওয়া ভিডিওটি সম্পূর্ণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি। বাস্তবের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এবং জেমস ক্যামেরনের আসন্ন ‘অ্যাভাটার’ ছবিতে গোবিন্দর অভিনয়ের খবরটি পুরোপুরি গুজব।
তবে এই ভিডিও তৈরির পেছনে রয়েছে একটি মজার প্রেক্ষাপট। ২০১৯ সালে একটি টেলিভিশন সাক্ষাৎকারে গোবিন্দ দাবি করেছিলেন, ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ‘অ্যাভাটার’ ছবিতে অভিনয়ের প্রস্তাব তিনি পেয়েছিলেন। এমনকি জেমস ক্যামেরন নিজেই তাকে ছবির নাম প্রস্তাব করেছিলেন বলেও জানান অভিনেতা।
আরও পড়ুন: নির্বাচনে অংশ নেবেন ঢাকাই সিনেমার খল অভিনেতা আহমেদ শরীফ
গোবিন্দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ সময় মেকআপে থাকতে হবে এবং সময়ের অভাব—এই দুই কারণে তিনি প্রস্তাবটি ফিরিয়ে দেন। তার সেই পুরনো দাবিকেই কেন্দ্র করে কোনো এক নেটিজেন এআই প্রযুক্তি ব্যবহার করে অভিনেতাকে ‘অ্যাভাটার’ লুকে উপস্থাপন করেছেন।
বর্তমানে সেই ভিডিওটি বিনোদন অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








