সাম্প্রতিক হামলার প্রতিবাদে আবার মাঠে নামার ঘোষণা বাঁধনের
ফাইল ছবি
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন আবারও মাঠে নামার ঘোষণা দিয়েছেন। এর আগে তিনি গত বছরের জুলাই আন্দোলনে ছাত্র-জনতার পাশে দাঁড়িয়ে সরব হয়েছেন। সেই সময় তাকে ‘দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ’-এর ব্যানারে আন্দোলনে অংশ নিতে দেখা গিয়েছিল।
তিনি জানিয়েছেন, আগামী ২৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৩টা ৩০ মিনিটে ধানমন্ডির সাতমসজিদ রোডে, আবাহনী মাঠসংলগ্ন ফুটপাথে প্রথম আলো, দ্য ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীর কার্যালয়ে সাম্প্রতিক হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচিতে অংশ নেবেন। বাঁধন ও ‘দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ’-এর অন্যান্য সদস্য এই কর্মসূচি পালন করবেন।
সোমবার (২২ ডিসেম্বর) বিকালে ফেসবুকে একটি পোস্টে বাঁধন লিখেছেন, এই সময়ে চুপ থাকা অপরাধ, এই সময়ে কথা বলাই প্রতিবাদ। প্রথম আলো, দ্য ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীর কার্যালয়ে সাম্প্রতিক হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ভিন্ন ধর্মাবলম্বী, ভিন্ন জাতিগোষ্ঠী ও ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষের ওপর আক্রমণ এবং আগুন দিয়ে মানুষ হত্যার ঘটনা ফ্যাসিবাদের স্পষ্ট আলামত।
আরও পড়ুন: এক দশক পর বিচ্ছেদের কথা প্রকাশ করলেন আফসান আরা বিন্দু
শিল্পী, সাহিত্যিক, চিন্তক ও সংস্কৃতিকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও আহ্বান জানিয়েছেন, যারা বাংলাদেশে বিশ্বাস করেন এবং মনে করেন দেশ গড়ে তুলতে হবে সমতা, সহাবস্থান ও সহমুক্তির ধারণার ভিত্তিতে, তারা উক্ত সময় ও স্থানে উপস্থিত হোন।
এতদিন পর পথে নামার কারণ সম্পর্কে বাঁধন জানান, আমার কাছে মনে হয়েছে যে, আমরা যে রকম চেয়েছিলাম, সেভাবে সবকিছু চলছে না। শিল্পী হিসেবে আমি আমার জায়গা থেকে পথে নেমে প্রতিবাদ করবো। আমার সঙ্গে যদি কেউ নাও আসে, প্রয়োজনে আমি একাই প্রতিবাদ করব।
নিজের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, শঙ্কিত, তবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেই হবে।
চলচ্চিত্র বিষয়ে বাঁধন বর্তমানে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত নতুন সিনেমা ‘মাস্টার’-এর মাধ্যমে ইউরোপের রটারড্যাম উৎসবের জন্য প্রস্তুত। আন্তর্জাতিক অঙ্গনে ‘রেহেনা’ ছবির মাধ্যমে পরিচিতি পাওয়া বাঁধন গত বছরের জুলাই গণ-আন্দোলনে ছাত্র-জনতার পক্ষে অবস্থান নিয়েছিলেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








