News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২১, ২৭ ডিসেম্বর ২০২৫

কনসার্ট পণ্ড, যাদের দায়ী করলেন জেমস

কনসার্ট পণ্ড, যাদের দায়ী করলেন জেমস

ছবি: সংগৃহীত

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম বর্ষপূর্তি ও পুনর্মিলনী উৎসবের সমাপনী রাতে অনাকাঙ্ক্ষিত সহিংসতায় দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা নগর বাউল জেমসের কনসার্ট শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। বহিরাগতদের ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে নিরাপত্তাজনিত কারণে অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয় আয়োজক কমিটি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর জিলা স্কুল প্রাঙ্গণে ঘটনাটি ঘটে। ওই সময় জেমসের সংগীত পরিবেশনের কথা থাকলেও অনুষ্ঠান শুরুর আগেই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ঘটনার পর নীরবতা ভেঙে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন জেমস। কনসার্ট পণ্ড হওয়ার দায় সরাসরি আয়োজকদের ওপর চাপিয়ে তিনি বলেন, এটি সম্পূর্ণ আয়োজকদের অব্যবস্থাপনা ও ব্যর্থতা। নিরাপত্তা এবং দর্শক ব্যবস্থাপনায় বড় ধরনের ঘাটতি ছিল।

জেমসের ব্যক্তিগত সহকারী রবিন ঠাকুর পুরো পরিস্থিতির বিস্তারিত তুলে ধরে বলেন, তারা সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফরিদপুরে পৌঁছে গেস্ট হাউসে অবস্থান করছিলেন। অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পরই তারা জানতে পারেন, অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলা শুরু হয়েছে।

রাত সাড়ে ১০টার দিকে পরিস্থিতি চরমে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে কনসার্ট বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। এরপরই জেমস ও তার টিম ঢাকায় ফিরে আসেন।

আরও পড়ুন: আতিফ আসলামের কনসার্ট স্থগিত

প্রত্যক্ষদর্শী ও আয়োজক সূত্রে জানা যায়, পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি কেবল নিবন্ধিত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ছিল। তবে জেমসের কনসার্টের খবর ছড়িয়ে পড়লে কয়েক হাজার অনিবন্ধিত দর্শক স্কুল প্রাঙ্গণের বাইরে জড়ো হন।

ভেতরে প্রবেশে বাধা দেওয়া হলে তারা পাশের মুজিব সড়কে অবস্থান নেন। পরিস্থিতি সামাল দিতে আয়োজকরা বাইরে দুটি প্রজেক্টরের মাধ্যমে কনসার্ট দেখানোর ব্যবস্থা করেন। কিন্তু তাতেও সন্তুষ্ট না হয়ে একদল বহিরাগত দেয়াল টপকে ভেতরে ঢোকার চেষ্টা চালায়।

দেয়াল টপকে ঢোকার চেষ্টায় বাধা দিলে বহিরাগতরা স্কুল প্রাঙ্গণ ও মঞ্চ লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে ভেতরে থাকা দর্শক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

ইট-পাটকেলের আঘাতে আয়োজক কমিটির আহ্বায়ক ডা. মুস্তাফিজুর রহমান শামীমসহ অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ৪–৫ জন বহিরাগত দেয়াল টপকে ভেতরে প্রবেশ করায় শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

পরিস্থিতির অবনতি হলে রাত ১০টার ঠিক আগে মঞ্চ থেকে ঘোষণা দেওয়া হয়, উদ্ভূত পরিস্থিতিতে জেলা প্রশাসকের নির্দেশে নিরাপত্তার স্বার্থে জেমসের কনসার্ট বাতিল করা হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, জেমস আসার খবরে প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষের জমায়েত হয়েছিল, যা স্কুল প্রাঙ্গণের ধারণক্ষমতার অনেক বাইরে। বিশৃঙ্খলা এড়াতে শেষ পর্যন্ত পুরো সংগীত পরিবেশনা বাতিল করতে বাধ্য হয় আয়োজক কমিটি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়