আতিফ আসলামের কনসার্ট স্থগিত
আতিফ আসলাম। ছবি: সংগৃহীত
ঢাকায় একের পর এক কনসার্ট বাতিলের ধারাবাহিকতায় এবার স্থগিত হলো পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের অনুষ্ঠান। আগামী ১৩ ডিসেম্বর ঢাকায় তার পারফর্ম করার কথা থাকলেও প্রয়োজনীয় অনুমতি ও আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে দুঃখ প্রকাশ করে আতিফ আসলাম জানান, আয়োজক ও ম্যানেজমেন্ট প্রয়োজনীয় স্থানীয় অনুমতি, নিরাপত্তাজনিত ছাড়পত্র এবং লজিস্টিকসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা পূরণ করতে ব্যর্থ হওয়ায় কনসার্টটি অনুষ্ঠিত হচ্ছে না।
বিভিন্ন সূত্র জানিয়েছে, আয়োজকদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকলেও নিরাপত্তা-ঝুঁকি বিবেচনায় সরকারের অনুমতি মেলেনি। কয়েকটি নথি প্রক্রিয়াধীন থাকায় শেষ মুহূর্তে এসে অনুষ্ঠান বাতিল করতে হয়েছে।
‘চলঘুরি’ টিকিটিং প্ল্যাটফর্মে আড়াই হাজার থেকে নয় হাজার টাকায় টিকিট বিক্রি হচ্ছিল। হঠাৎ কনসার্ট বাতিল হওয়ায় টিকিটধারীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে; অনেকে এখন রিফান্ডের অপেক্ষায়।
সংশ্লিষ্টদের মতে, শেষ মুহূর্তে এমন আয়োজন ভেস্তে যাওয়ায় দর্শকরা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। পাশাপাশি ঘন ঘন কনসার্ট বাতিল হওয়া বাংলাদেশের কনসার্ট শিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
আরও পড়ুন: অপুকে নিয়ে বন্ধন বিশ্বাসের নতুন সিনেমা ‘সিক্রেট’
এবারের এই আয়োজন করছিল ‘স্পিরিটস অব জুলাই’ এবং ‘মেইন স্টেইজ’ নামের দুটি প্রতিষ্ঠান। তবে কনসার্ট বাতিলের বিষয়ে তারা এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








