নির্বাচনে অংশ নেবেন ঢাকাই সিনেমার খল অভিনেতা আহমেদ শরীফ
ফাইল ছবি
আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার খ্যাতনামা খল অভিনেতা আহমেদ শরীফ।
তিনি জানান, নির্বাচনের আগে তিনি দেশে এসে সক্রিয়ভাবে অংশ নেবেন এবং একটি শক্তিশালী প্যানেল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করবেন।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
আহমেদ শরীফ বলেন, আমেরিকা থেকে কিছু কাজে দেশে এসেছি। কিছুদিনের মধ্যেই আবার চলে যাব। তবে নির্বাচনের আগেই অবশ্যই দেশে ফিরব। যারা শিল্পী সমিতির জন্য আন্তরিকভাবে কাজ করতে চান, তাদের নিয়ে একটি প্যানেল গঠন করে নির্বাচনে অংশ নেব।
তিনি আরও বলেন, সভাপতি পদে প্রার্থী হওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সবার সঙ্গে কথা বলছি। কয়েক দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব বলে আশা করছি।
আরও পড়ুন: সাম্প্রতিক হামলার প্রতিবাদে আবার মাঠে নামার ঘোষণা বাঁধনের
আহমেদ শরীফ বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে তিনবার সাধারণ সম্পাদক এবং চারবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার দীর্ঘ নেতৃত্ব এবং অভিজ্ঞতা আসন্ন নির্বাচনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
অভিনয় জীবন ও চলচ্চিত্র ক্যারিয়ারের কথা উল্লেখ করে জানা গেছে, ১৯৭২ সালে পরিচালক সুভাষ দত্তের ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি সিনেমায় অভিষেক ঘটান। ইতিবাচক চরিত্রে অভিনয়ের পর খল অভিনেতা হিসেবে বিশেষভাবে নজর কাড়েন দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘বন্দুক’ (১৯৭৬) চলচ্চিত্রে। চার দশকের বেশি সময়ে তিনি প্রায় ৮০০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
বর্তমানে দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন আহমেদ শরীফ। তবে তিনি এক সপ্তাহের জন্য দেশে এসে ব্যক্তিগত কিছু কাজ সম্পন্ন করেছেন এবং নির্বাচনের আগেই ফিরে আসবেন বলে জানিয়েছেন।
আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে তারকা নেতাদের অংশগ্রহণ সবসময়ই আলোচনার বিষয় হয়ে থাকে। আহমেদ শরীফের আগ্রহ এবারও চলচ্চিত্র মহলে নতুন উত্তেজনা ও আগ্রহ সৃষ্টি করেছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








