হলফনামায় মিথ্যা তথ্যের প্রমাণ পেলে ব্যবস্থা
ঢাকা: “প্রার্থীদের হলফনামায় মিথ্যা তথ্যের প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে নির্বাচনের আগে কিংবা পরে ব্যবস্থা নেয়া হবে। তখন কারও মুখ দেখা হবে না। এক্ষেত্রে সবাই সমান।” এভাবেই হুঁশিয়ার করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ। পাশাপাশি কালো টাকা ও পেশি শক্তি ব্যবহার বন্ধে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব বলেন। তিন সিটির প্রার্থীর সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের এটি ছিল শেষ দিন।
সিইসি বলেন, “এখানে অনেক প্রার্থীই অভিযোগ করেছেন নির্বাচনে কালো টাকা ব্যবহার করা হচ্ছে। আপনাদের মতো আমরাও চাই নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তি বন্ধ হোক। কিন্তু এর জন্য আপনাদের সবার সহযোগিতা দরকার। আপনারা সহযোগিতা করলে আমরা এটা বন্ধ করতে পারব।”
আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, “এলাকার জনগণ যাতে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে ও প্রার্থীরা যাতে হয়রানির শিকার না হয় সে দিকে সতর্ক দৃষ্টি রাখুন। কোনো ধরনের বেআইনী কাজ যাতে না হয় সে দিকে লক্ষ্য রাখুন। আমরা কোনোভাবেই বেআইনী কর্মকাণ্ড হতে দিব না।”
প্রার্থীদের উদ্দেশে কাজী রকিব বলেন, “আসুন শান্তিপূর্ণভাবে ও নিয়মতান্ত্রিকতার সঙ্গে ঐতিহ্যবাহী নির্বাচনের পরিবেশ গড়ে তুলি।এলাকার উন্নয়নে জয়-পরাজয় ভুলে সহযোগিতার মাধ্যমে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ হই।”
তিনি আরও বলেন, “নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইসির পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এ ব্যাপারে কাউকে কোনো ছাড় দেয়া হবে না।এখন পর্যন্ত আচরবিধি ভঙ্গের দায়ে ২ লাখ ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারিকেও তাদের দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান সিইসি।এ বিষয়ে তিনি বলেন, “আমি নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দিচ্ছি আপনারা আইন অনুযায়ী নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবেন। কোনো ধরনের ভয় পাওয়ার দরকার নেই।”
নির্বাচন কমিশন সচিব মো.সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুল মোবারক, ব্রিগেডিয়ার জেনারেল জাবেদ আলী, আবু হাফিজ, মো. শাহনেওয়াজ, ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লার রহমান, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান, দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং অফিসার মিহির সারওয়ার মোর্শেদ প্রমুখ।
সভায় প্রার্থীরা তাদের বিভিন্ন অভিযোগও তুলে ধরেন। পাশাপাশি নির্বাচনকে সুষ্ঠু করতে তাদের সহযোগিতারও আশ্বাস দেন।
এর আগে শুক্রবার চট্টগ্রামে ও শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রার্থীদের নিয়ে সিইসি মতবিনিময় সভা করেন।
নিউজবাংলাদেশ.কম/এমএ/এফই
নিউজবাংলাদেশ.কম








