নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
নওগাঁ: নওগাঁর আত্রাই উপজেলার পার কাসুন্দা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোজাম্মেল হক (৫৫) ও রেখা বিবি (৪৫) নামে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের মেয়ে মোসলেমা খাতুন (১৮) নামে কলেজ ছাত্রী গুরুতর আহত হয়েছে। ঘটনার পর তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে ঝড়-বৃষ্টি শুরু হলে টিভি এন্টেনার খুঁটি ভেঙে বিদ্যুতের তারের উপর পড়ে। এতে বাড়ির টিনের ছাউনিসহ লোহার জানালা, দরজা ও বিভিন্ন আসবাবপত্র বিদ্যুতায়িত হয়ে পড়ে। ভোরে মোজাম্মেল ও তার স্ত্রী রেখা বিবি ঘুম থেকে উঠে ঘরের বাইরে আসার জন্য দরজা খুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ সময় মোসলেমের মেয়ে মোসলেমা ঘটনা টের পেয়ে বাবা-মায়ের কাছে যেতে চেষ্টা করলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাড়ির আঙিনায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে মোসলেমার চিৎকারে প্রতিবেশীরা এসে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আত্রাই থানার পরিদর্শক (ওসি) আব্দুল লতিফ খান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জেলা প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন।
নিউজবাংলাদেশ.কম/এসসি/এফই
নিউজবাংলাদেশ.কম








