টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৫
টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে বাস ও ট্রাকের সংর্ঘষে ৫জন নিহত হয়েছে। আর এ ঘটনায় ১০জন আহত হয়েছে। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার ভোর ৪টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটেছে।
মির্জাপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার চরপাড়া বাইপাস এলাকায় আলু ভর্তি একটি ট্রাক সড়কের উপর দাঁড়িয়ে ছিল। এ সময় উত্তরবঙ্গের নওগাঁ থেকে ঢাকাগামী ডিপজল পরিবহনের একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা আলু ভর্তি ট্রাকটিকে ধাকা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে আরও দুই জন মারা যায়।
নিহতরা সকলেই বাসযাত্রী বলে পুলিশ জানিয়েছে। এ খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
নিউজবাংলাদেশ.কম/এআর/এফই
নিউজবাংলাদেশ.কম








