News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:২০, ১১ এপ্রিল ২০১৫
আপডেট: ১১:০২, ১৮ জানুয়ারি ২০২০

কারাগারে ফাঁসি সংশ্লিষ্ট কর্তারা

কারাগারে ফাঁসি সংশ্লিষ্ট কর্তারা

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছেন।

শনিবার সন্ধ্যার পর থেকেই কারাগারে আলাদা আলাদা ভাবে প্রবেশ করেন এসব কর্মকর্তারা।

সবার প্রথমে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে কারাগারে প্রবেশ করেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ইফতেখার উদ্দিন। ৭টার দিকে কারাগারে ঢোকেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ফখরুল কবির ভেতরে প্রবেশ করেছেন। এছাড়া জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক ফরমান আলী ও ডিআইজি গোলাম হায়দার কারাগারের ভেতর আগে থেকেই অবস্থান করছেন।

অন্যদিকে রাত ৮টা ৫০ মিনিটে ঢাকা জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া কারাগারে প্রবেশ করেন। এর কিছুক্ষণ পরই ঢাকা জেলা সিভিল সার্জন আব্দুল মালেক মৃধা কারাগারে ঢোকেন। এর মধ্য দিয়েই রায় কার্যকর করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত হয়েছে।

এর আগে বিকেলেই কেন্দ্রীয় কারাগারে পরিবারের ২৪ সদস্য শেষ বারের মতো দেখা করেছেন কামারুজ্জামানের সঙ্গে। কেন্দ্রীয় কারাগারের ৮নং কনডেম সেলে তারা দেখা করেন।

এছাড়া, মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে বাড়তি র‌্যাব ও পুলিশ সদস্য।

উল্লেখ্য, একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় কামারুজ্জামানকে ২০১৩ সালের ৯ মে ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এরপর গত বছরের ৩ নভেম্বর কামারুজ্জামানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দেওয়া ফাঁসির আদেশ বহাল রেখে সংক্ষিপ্ত আকারে চূড়ান্ত রায় দিয়েছিলেন আপিল বিভাগ। এরপর কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনায়ও (রিভিউ) ফাঁসি বহাল রাখেন আদালত।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়