শামীমের মৃত্যুতে খালেদার শোক
ঢাকা: মৌলভীবাজার জেলাধীন কমলগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও কমলগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি শামীম আহমেদ চৌধুরী শুক্রবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে...রাজেউন)
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
শনিবার এক শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, শামীম আহমেদ চৌধুরী কমলগঞ্জ উপজেলা বিএনপিকে সুসংগঠিত এবং অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকারের আন্দোলনকে বেগবান করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
খালেদা জিয়া বলেন, তার মৃত্যুতে কমলগঞ্জ জেলা বিএনপি একজন দক্ষ, কর্মনিষ্ঠ ও শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে নিবেদিতপ্রাণ সংগঠককে হারালো।
বিএনপি চেয়ারপারসন শামীম চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধায়ীদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন।
নিউজবাংলাদেশ.কম/আরআর/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








