: বিএনপিন
সরকারের প্রার্থী ছাড়া প্রচারণার সুযোগ দেয়া হচ্ছে না
ঢাকা: সরকার সমর্থিত প্রার্থী ছাড়া অন্য প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণার সমান সুযোগ দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি।
শনিবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ অভিযোগ করেন।
রিপন বলেন, “জনগণকে তাদের পছন্দের প্রতিনিধি বাছাইয়ের সুযোগ দেয়া উচিৎ। তার জন্য নির্বাচন সুষ্ঠু হওয়া প্রয়োজন। নির্বাচন হতে হবে ভয়ভীতি ছাড়া প্রতিযোগিতা মূলক আনন্দের নির্বাচন।”
তিনি বলেন, “ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী মির্জা আব্বাস তিনটি মামলা ছাড়া সকল মামলায় জামিনে রয়েছেন। তাকে এসব মামলায় জামিন দেয়ার আহ্বান জানাই, তিনি যেন জামিন পেয়ে ভোটারদের নিকট যেতে পারেন। প্রচার প্রচারণানা চালাতে পারেন।”
সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপির ভারপাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, যুগ্ম মহাসচিব শাহজাহান, রিজভী আহমেদসহ সারা দেশের নেতাকর্মীদের মুক্তি দেয়ার আহবান জানান তিনি।
নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসীরা মাথাচারা দিয়ে উঠেছে এমন মন্তব্য করে রিপন বলেন, “সরকার যদি সুষ্ঠু নির্বাচন চায় তাহলে এসব সন্ত্রাসীকে দমন করতে হবে। সন্ত্রাসীরা যদি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে থাকে জনগণ ভোটকেন্দ্র যেতে পারবে না। তাতে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে।”
সরকারকে হিংসা বিদ্বেষ পরিহার করার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান রিপন বলেন, “বর্তমান ক্ষমতাসীনরা জাতিকে বিভক্ত করছে। এটি দেশের জন্য খারাপ। নির্বাচনকে কেন্দ্র করে সরকার যত কুপরিকল্পনা করেছে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তা প্রত্যাহার করার আহ্বান জানাই। প্রশ্নবিদ্ধ নির্বাচন হলে দেশ ও জাতির জন্য তা খারাপ ফল বয়ে আনবে।”
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লা মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








