News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০০, ১০ এপ্রিল ২০১৫
আপডেট: ০২:৩৫, ১৯ জানুয়ারি ২০২০

নিরাপত্তা জোরদার, স্বাস্থ্যপরীক্ষা সম্পন্ন

নিরাপত্তা জোরদার, স্বাস্থ্যপরীক্ষা সম্পন্ন

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রায় বাস্তবায়নকে কেন্দ্র করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া কামারুজ্জামানের স্বাস্থ্যপরীক্ষাও সম্পন্ন হয়েছে।

শুক্রবার সন্ধ্যার পর কারাগারের মূল গেটের সামনে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্যদের মোতায়েন করা হয়। কারাগারের পাশের রাস্তাগুলো দিয়ে যান চলাচল সীমিত রাখা হয়েছে।

এর আগে, রাত সাড়ে ৮টার দিকে কারাগারের ভেতরে যান সহকারী সিভিলি সার্জন ডা. আহসান হাবীব। এসময় সঙ্গে ছিলেন- লালবাগ জোনের এডিসি মফিজ উদ্দিন, সিনিয়র জেল সুপার ফরমান আলী। পরে রাত সাড়ে ৯টার দিকে কারাগার এলাকা ত্যাগ করেন তারা। জানা গেছে, কামারুজ্জামানের স্বাস্থ্যপরীক্ষা করতেই তারা কারাগারে এসেছিলেন।

অন্যদিকে নিরপত্তার জন্য কারাগারের আশপাশের স্থায়ী ও ভ্রাম্যমাণ দোকানগুলোকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান ও বাড়ির ভবনের ছাদে কাউকে না ওঠার জন্য বলা হয়েছে। কারাগার গেটের প্রথম ও দ্বিতীয় সারিতে কারারক্ষী এবং তৃতীয় সারিতে র‌্যাব সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

উল্লেখ্য, একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় কামারুজ্জামানকে ২০১৩ সালের ৯ মে ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গত বছরের ৩ নভেম্বর কামারুজ্জামানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দেওয়া ফাঁসির আদেশ বহাল রেখে সংক্ষিপ্ত আকারে চূড়ান্ত রায় দেন আপিল বিভাগ। পরে কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনায়ও (রিভিউ) ফাঁসি বহাল রাখেন আদালত।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়