News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৮, ১০ এপ্রিল ২০১৫
আপডেট: ১৭:৫৮, ১৪ জুন ২০২০

মৃত্যুকালে প্রেমিকের চিঠি

দেখা হবে স্বর্গ-নরক এ দুটোর মাঝখানে

দেখা হবে স্বর্গ-নরক এ দুটোর মাঝখানে

নওগাঁ: প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিক আত্মহত্যা করলেও প্রেমিকাকে পাওয়ার আশা তিনি ছাড়েননি। এরই প্রমাণ প্রেমিকের লাশের সঙ্গে পাওয়া একটি চিঠি। যেখানে প্রেমিক লিখেছে, দেখা হবে ওপারে স্বর্গ বা নরক, এ দুটোর মাঝখানে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ শহরের গরুহাটি এলাকা থেকে মমিনুল ইসলাম নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। লাশের পাশে পড়ে থাকা একটি চিঠিও এসময় উদ্ধার করা হয়।

চিঠিতে লেখা ছিল, “এই পৃথিবীতে এতদিন একজনকে অবলম্বন করে বেঁচেছিলাম। আর তাই সব কিছু ছেড়ে অপেক্ষা করব ওপারে। মানুষ মৃত্যুর সময় মিথ্যা কথা বলে না।”

ব্যথাতুর হৃদয়ে প্রেমিক আরো লিখেছেন, “বিশ্বাস করবে কীনা জানি না, তুমি একটু চোখের আড়াল হলে যন্ত্রণার যন্ত্রণা কতটুকু তা আমি বুঝেছি। আমার জীবনকাহিনি আজকের পর তোমাকে আর শুনতে হবে না। সব কিছু এখানেই শেষ হয়ে গেল।”

শেষ বলেও কিন্তু সম্পর্ক শেষ করেননি প্রেমিক। আশাবাদ ব্যক্ত করে তিনি লিখেছেন, “দেখা হবে ওপারে স্বর্গ বা নরক, এ দুটোর মাঝখানে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া জেলার নন্দীগ্রামের আব্দুর রহমানের ছেলে মমিনুল ইসলাম নওগাঁর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। এ সুবাদে নওগাঁ বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্রীর সাথে তার পরিচয় হয়। এ পরিচয় থেকে মমিনুলের ভেতর জন্ম নেয় ভালোবাসা।

সূত্র আরো জানায়, মেয়েটি মমিনুলকে কয়েকদিন থেকে এড়িয়ে চলছিল। আর সেই ক্ষোভেই আত্মহত্যার মতো ঘটনা বেছে নেন মমিনুল।

নওগাঁ সদর মডেল থানার ওসি জাকিরুল ইসলাম নিউজবাংলাদেশকে বলেন, “শুক্রবার সকালে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জাকিরুল ইসলাম নিউজবাংলাদেশকে জানান।

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়